ফ্রেঞ্চ ওপেনের প্রতিশোধ, আলকারাজকে হারিয়ে জীবনের প্রথম উইম্বলডন খেতাব ইয়ানিক সিনারের
ফ্রেঞ্চ ওপেন ফাইনালে প্রথম দুটি সেট হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কার্লোস আলকারাজ। শেষপর্যন্ত মহাকাব্যিক ৫ সেটের লড়াইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। উইম্বলডনেও প্রথম সেটে হার। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের পুনরাবৃত্তি হল না। আলকারাজকে হারিয়ে জীবনে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন সিনার।
উইম্বলডনের নতুন রাজা। ট্রফি হাতে সিনার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৫
Share on:
৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে প্রথম দুটি সেট হেরেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কার্লোস আলকারাজ। শেষপর্যন্ত মহাকাব্যিক ৫ সেটের লড়াইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। উইম্বলডনেও প্রথম সেটে হার। অনেকেই ফ্রেঞ্চ ওপেনের পুনরাবৃত্তির আশা করেছিলেন। সিনার অবশ্য আলকারাজকে সেই সুযোগ দিলেন না। পরের তিন সেট জিতে চ্যাম্পিয়ন হলেন ইতালির এই টেনিস তারকা। টানা তৃতীয়বার খেতাব জয়ের স্বপ্ন অপূর্নই থেকে গেল আলকারাজের। সিনারের পক্ষে ম্যাচের ফল ৪–৬, ৬–৪, ৬–৪, ৬–৪।
অল ইংল্যান্ড ক্লাবে টানা ২০টি ম্যাচ জেতার রেকর্ড নিয়ে ইয়ানিক সিনারের বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। প্রথম থেকেই দেখে মনে হচ্ছিল আত্মবিশ্বাস তুঙ্গে। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রথম সেট জিতে নেন। পঞ্চম গেমে আলকারাজের সার্ভিস ভেঙে ৩–২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সিনার। অষ্টম গেমে সিনারের সার্ভিস ভেঙে ৪–৪ করে ফেলেন আলকারাজ। দশম গেমে আবার সিনারের সার্ভিস ভেঙে ৬–৪ ব্যবধানে প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন সিনার। ৬–৪ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় গেমে আলকারাজের সার্ভিস ভেঙে ৩–১ ব্যবধানে এগিয়ে যান। তৃতীয় গেম দারুণ জমে ওঠে। দুজনই অসাধারণ দক্ষতার নমুনা দেখান। তবে নবম গেমে আবার আলকারাজের সার্ভিস ভাঙেন সিনার। এরপর নিজের সার্ভিস ধরে রেখে ৬–৪ ব্যবধানে তৃতীয় সেট জিতে ২–১ সেটে এগিয়ে যান। চতুর্থ সেটের তৃতীয় গেমেও আলকারাজের সার্ভিস ভেঙে তাঁকে চাপে ফেলে দেন সিনার। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেননি আলকারাজ। শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হন সিনার।
২০২২ সালে এই সিনারের কাছেই চতুর্থ রাউন্ডে হেরে উইম্বলডন থেকে বিদায় নিতে হয়েছিল আলকারাজকে। সেটাই ছিল অল ইংল্যান্ড ক্লাবে তাঁর শেষ পরাজয়। এবারও সেই সিনারের কাছেই হারতে হল। আলকারাজকে হারিয়ে জীবনের প্রথম উইম্বলডন খেতাব জিতলেন সিনার। এটা তাঁর চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। অন্যদিকে, সিনারের কাছে হেরে উইম্বলডনে চ্যাম্পিয়নের হ্যাটট্রিক হল না আলকারাজের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.