‘রাইড পর চেঞ্জ, রাইড ফর কলকাতা’ থিমকে সামনে রেখে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া কলকাতা সাইক্লোথন ২০২৫’। যৌথ উদ্যোগে সামিল হয়েছিল কোল ইন্ডিয়া, লোহা ফাউন্ডেশন এবং সাই (পূর্বাঞ্চল)। ৪ হাজারেরও বেশি প্রতিযোগি এই সাইক্লোথনে অংশগ্রহন করেন। প্রতিযোগিতাটি শহরের সর্বকালের বৃহত্তম সাইক্লিং ইভেন্টের মর্যাদা লাভ করেছে। পাশাপাশি পূর্বভারতের বৃহৎ সাইক্লোথনের স্বীকৃতি পেয়েছে।
কলকাতা সাইক্লোথন ইভেন্টে ৭০, ৫০, ২৫, ১০ কিমি রাইড এবং ৫ কিমি দৌড় অন্তর্ভুক্ত ছিল। ৭০ কিমি বিভাগের প্রতিযোগিতা ভোর ৪.১৫–তে শুরু হয়য়। সাই (পূর্বাঞ্চল)–এর সামনে থেকে শুরু হয়ে করুণাময়ী ও নিউটাউনের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার সাইয়ের সামনেই প্রতিযোগিতা শেষ হয়। ৭০, ৫০ ও ২৫ কিমি ইভেন্টে পুরুষ ও মহিলাদের দুটি করে বয়সভিত্তিক বিভাগ ছিল।
মহিলাদের ৭০ কিমি ইভেন্টে ১৬–৩৪ বছর বয়সী বিভাগে প্রথম হয়েছেন শীতল ছেত্রী। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৭ মিনিট ১১ সেকেন্ড। ২ ঘন্টা ৪২ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে মহিলাদে ৩৫ বছর উর্ধ্ব বিভাগে প্রথম হয়েছেন কেয়া কর্মকার সরকার। পুরুষদের ১৬–৩৪ বছর বয়সী বিভাগে প্রথম হয়েছেন রোশন কুমার দিবাকর। তিনি সময় নিয়েছেন ১ ঘন্টা ৫৬ মিনিট ২৯ সেকেন্ড। পুরুছদের ৩৫ বছর উর্ধ্ব বিভাগে প্রথম হয়েছেন অর্ণব পাল। তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ৯ মিনিট ২৮ সেকেন্ড।
৫০ কিমি ইভেন্টে ২ ঘন্টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে মহিলাদের ১৬–৩৪ বছর বয়সী বিভাগে প্রথম হয়েছেন দেবপ্রিয়া গুহ। ৩৫ বছর উর্ধ্ব বিভাগে প্রথম পাপিয়া সাউ। তাঁর সময় ২ ঘন্টা ১০ মিনিট ৫ সেকেন্ড। আর পুরুষদের ১৪–৩৪ বছর বিভাগে ১ ঘন্টা ৩৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন রোহিত সামাল। দ্বিতীয় রবার্ট লিয়াও। তাঁর সময় ১ ঘন্টা ৪১ মিনিট ৩ সেকেন্ড। মহিলাদের ২৫ কিমি ইভেন্টে ১৬–৩৪ বছর বয়সী ও ৩৫ বছর বয়সী উর্ধ্ব বিভাগে প্রথম যথাক্রমে জাসমিন কাউর আনন্দ (১:০৫:২৬) ও স্মিতা স্মিতা (১:০৪:১৪)। পুরুষদের ১৪–৩৪ বছর বয়সী ও ৩৫ বছর বয়সী উর্ধ্ব বিভাগে প্রথম যথাক্রমে প্রিয়াংশু বিসওয়াল (০:৪৯:৩১) ও রোহিত ভগত (০:৫২:৪৮)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন পদ্মভূষণ জয়ী টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ, প্রখ্যাত গায়িকা উষা উত্থুপ, আইপিএস কৃষ্ণ প্রকাশ এবং বলিউড গায়ক শাদাব ফরিদি। প্রত্যেকেই অংশগ্রহনকারী সাইক্লিস্টদের অনুপ্রাণিত করেন। লিয়েন্ডার পেজ বলেন, ‘এই সাইক্লোথন শুধু প্রতিযোগিতা নয়, এটা ফিটনেস ও ঐক্যের উদযাপন।’ উষা উত্থুপ বলেন, ‘এমন এক সকালে কলকাতার প্রাণ ফিরে পেল, চলুন আমরা সবাই একসঙ্গে ভবিষ্যতের দিকে প্যাডেল করি।’ বলিউড সঙ্গীতশিল্পী শাদাব ফারিদি তাঁর গান দিয়ে উৎসবমুখর সকালকে আরও প্রাণবন্ত করে তোলেন।
কলকাতা সাইক্লোথনে বিশেষ আকর্ষণ ছিল ৩০০–রও বেশি বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ, যা অনুষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক চেতনাকে তুলে ধরে। অনুষ্ঠানে বিশেষ পোস্টাল ডাকটিকিটও প্রকাশ করেন কলকাতার পোস্টমাস্টার জেনারেল।