হাঁটুতে আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন। ঠিকভাবে অনুশীলনও করতে পারছেন না। এই অবস্থায় খেলা চালিয়া যাওয়াই কঠিন। তাই ওই পরিস্থিতিতে ব্যাডমিন্টনকে পাকাপাকিভাবে বিদায় জানানোর ভাবনাচিন্তা শুরু করেছেন সাইনা নেহাল।
অবসর নিতে চলেছেন সাইনা নেহাল
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ০৩, ২০২৪
Share on:
হাঁটুতে আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন। ঠিকভাবে অনুশীলনও করতে পারছেন না। এই অবস্থায় খেলা চালিয়া যাওয়াই কঠিন। তাই ওই পরিস্থিতিতে ব্যাডমিন্টনকে পাকাপাকিভাবে বিদায় জানানোর ভাবনাচিন্তা শুরু করেছেন সাইনা নেহাল। চলতি বছরের শেষদিকেই অবসর নিতে চলেছেন এই ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা। এক পডকাস্ট অনুষ্ঠানে তেমনই ইঙ্গিত দিয়েছেন সাইনা নেহাল।
গগন নারাংয়ের ‘হাউস অফ গ্লোরি’ পডকাস্টে ৩৪ বছর বয়সী এই ভারতীয় শাটলার বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আর্থারাইটিস সমস্যায় ভুগছি। ভালভাবে অনুশীলন করতে পারছি না। সর্বোচ্চ পর্যায়ে খেলতে গেলে দিনে ৮–৯ ঘন্টা পরিশ্রম করতে হবে। আমার পক্ষে এখন আর সেটা সম্ভব নয়। ২ ঘন্টার বেশি অনুশীলন করতে পারছি না। বিশ্বের সেরা খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাতে গেলে ২ ঘন্টার পরিশ্রম যথেষ্ট নয়। বাস্তব পরিস্থিতি মেনে নিয়েই আমাকে সিদ্ধান্ত নিতে হবে।’ সাইনা আরও বলেন, ‘বিষয়টা খারাপ লাগার হলেও অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। অনেক ক্রীড়াবিদেরই কেরিয়ার বড় হয় না। আমি যথেষ্ট খেলেছি। ৯ বছর বয়সে খেলা শুরু করেছিলাম। সামনের বছর ৩৫ হবে। ফলে আমার খেলোয়াড়ী জীবন যথেষ্ট লম্বা। এরজন্য আমি গর্বিত।’
২০১২ লন্ডন অলিম্পিকে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা। ২০১৬ রিও অলিম্পিকে অবশ্য গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছিলেন। টোকিও ও প্যারিস অলিম্পিকে খেলার ছাড়পত্র পাননি। প্যারিসে নামতে না পারার আক্ষেপ রয়েছে ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকার। তবে যা অর্জন করেছেন, তাতেই গর্বিত সাইনা। তিনি বলেন, ‘প্রত্যেকেই ছোটবেলা থেকেই অলিম্পিকে নামার স্বপ্ন দেখেন। লক্ষ্যে পৌঁছতে সবাই নিজেদের ভালভাবে তৈরি করে। অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে না পারলে খারাপ লাগাটাই স্বাভাবিক। আমি কঠোর পরিশ্রম করেছি। তিনবার অলিম্পিকে অংশ নিয়েছি। সব অলিম্পিকেই ১০০ শতাংশ দিয়েছি। পদকও পেয়েছি। এতেই আমি তৃপ্ত।’
হাঁটুর কার্টিলেজে চোটের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে সাইনা নেহাল। গত বছর সিঙ্গাপুর ওপেনের পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনে অংশ নেননি। আর্থারাইটিসে এতটাই কাবু, ভালভাবে অনুশীলনও করতে পারছেন না। তাই অবসর নেওয়ার কথা ভাবছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.