কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন মীরাবাই চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের এই মহিলা ভারোত্তোলক। এই নিয়ে টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির গড়লেন মীরাবাই চানু। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। এবার গ্লাসগো কমনওয়েলথ গেমসেও দেশে সোনা এনে দিলেন। এটা গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের তৃতীয় পদক, আর প্রথম সোনা।
চানু স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি উত্তোলন করেন। মোট ১৯০ কেজি তুলে কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বারের মতো সোনা জিতে নেন চানু। এই বিভাগে নাইজেরিয়ার রুথ আসুকিও নিয়ং ১৬৮ কেজি তুলে রুপো ও মালয়েশিয়ার আইরিন জেন হেনরি ১৬৭ কেজি তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন। অর্থাৎ রুপো ও ব্রোঞ্জজয়ী ভারোত্তোলক চানুকে সেভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি।
তবে চানু শুরুতে নিজেকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। প্রথম প্রচেষ্টায় ৮২ কেজি তুলতে গিয়ে ফাউল করে বসেন চানু। দ্বিতীয় প্রচেষ্টায় ৮২ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমস রেকর্ড ভেঙে দেন। এরপর এই ভারতীয় ভারোত্তোলক ৮৫ কেজি তোলার সিদ্ধান্ত নেন এবং সফল হন। তৃতীয় প্রচেষ্টায় সফলভাবে ৮৫ কেজি তুলে স্ন্যাচের রেকর্ড ভেঙে দিয়েছেন মীরাবাই চানু। তাঁর আগে আগে কোনও মহিলা ভারোত্তোলক স্ন্যাচ বিভাগে ৮৫ কেজি তুলতে সক্ষম হননি।
এখানেই শেষ নয়, ক্নিন অ্যান্ড জার্কেও রেকর্ড গড়েছেন মীরাবাই চানু। দ্বিতীয় প্রয়াসে তিনি তোলেন ১০৫ কেজি। এটাও কমনওয়েলথ গেমস রেকর্ড। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯০ কেজি উত্তোলনও কমনওয়েলথ গেমস আরও একটা রেকর্ড। গ্লাসগো কমনওয়েলথ গেমস মীরাবাই চানুর জন্য শুধু আর একটা সোনা জয় নয়, বরং রেকর্ড ভাঙ্গা আধিপত্যের এক গল্প ছিল। এই ভারতীয় ভারোত্তোলক মহিলাদের ৪৮ কেজি ইভেন্টে চারটি রেকর্ড ভেঙেছেন। মীরাবাই চানুর কাছে এটা একটা ঐতিহাসিক পারফরমেন্স।
গ্লাসগোতে প্রতিদ্বন্দ্বিতা করার আগে মীরাবাই বলেছিলেন যে, তিনি কমনওয়েলথ গেমসে তাঁর পুরো শক্তি প্রয়োগ করবেন না। কারণ, সামনেই এশিয়ান গেমস। তাই সুযোগ থাকা সত্ত্বেও তিনি শেষ প্রয়াসে অংশ নেননি। দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়ার পর পদক বিতরণী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার সময় পোডিয়ামে দাঁড়িয়ে মীরাবাই চানু চোখের জল ধরে রাখতে পারেননি। কমনোয়েলথ গেমসে চারটি রেকর্ড গড়ে সোনা জিতে এশিয়ান গেমসের জন্য অন্য বার্তা দিয়ে গেলেন ৩১ বছর বয়সী ভারতের এই মহিলা ভারোত্তোলক।