উত্তরপ্রদেশের মথুরাতে দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক পথ দুর্ঘটনায় ৮টি বাস ও ৩টি গাড়ির সংঘর্ষে ৪ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। দৃশ্যমানতা কম থাকার কারণে গাড়িগুলির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা–নয়ডা ক্যারেজওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে প্রথমে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর অন্যান্য গাড়িগুলিও পরপর একটা অন্যটিকে ধাক্কা মারে। কয়েক মিনিটের মধ্যেই বাস ও গাড়িগুলিতে আগুন ধরে যায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় সব গাড়িতে আগুন ধরে যায়। যাত্রীরা ভেতরে আটকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দ্রুত এক গাড়ি থেকে অন্য গাড়িতে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা দেখা দেয়। যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করেন।
দুর্ঘটনার পরপরই দমকল, পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে। দমকলকর্মীরা গাড়িগুলিতে আগুন নেভানোর কাজ শুরু করে। উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মথুরা এবং পার্শ্ববর্তী জেলার হাসপাতালে প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। দমকল ও জরুরি বিভাগের কর্মীরা ক্রেন নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলি সরানোর চেষ্টা করে। ফলে দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন্টার পর ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনার কারণ কী তা নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে বলেন,‘মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এক বড় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে ৮টি বাস এবং ৩টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই গাড়িগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার ফলে গাড়িগুলিতে আগুনও লেগে যায়। আমাদের কাছে খবর পৌঁছনোর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলেপাঠানো হয়।’
আরও পড়ুনঃ ‘এটা কী?’ মহিলা ডাক্তারের হিজাব খুলে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার! তুমুল বিতর্ক, মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন
শ্লোক কুমার আরও বলেন যে, ‘উদ্ধার কাজ প্রায় শেষ। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বাকিদের সরকারি যানবাহনের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। অবরুদ্ধ মহাসড়ক পরিষ্কার করা করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।’
মথুরার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। ঘন কুয়াশার কারণে বহু যানবাহনের সংঘর্ষের কারণ নিয়ে তদন্ত করা হবে। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ১২টিরও বেশি দমকল বাহিনী এবং ১৪টিরও বেশি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত আহতদের সিএইচসি বলদেব এবং জেলা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। তবে অনেকেই বিপদমুক্ত। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে সংঘর্ষের ঘটনা লেগেই রয়েছে। একদিন আগেই, সোমবার ভোরে ঘন কুয়াশার ফলে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় ২০টি গাড়ির মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটে। ভোর ৫ টার সময় ঘটা এই দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত এবং ২০ জন গুরুতর আহত হন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম হওয়ায় মূলত এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।