টি২০ বিশ্বকাপে মুখ পুড়ল আইসিসি–র। বিশ্বকাপ আয়োজনে নাকি আর্থিক নয়ছয় হয়েছে। আর আর্থিক নয়ছয়ের অভিযোগে পদত্যাগ করেছেন আইসিসি–র দুই শীর্ষ কর্তা ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি।
আইসিসি–র অন্য কর্তাদের সঙ্গে ক্রিস টেটলি
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৪
Share on:
টি২০ ক্রিকেট মানেই টাকার খেলা। এই ফরম্যাটে নাকি টাকা উড়ে বেড়ায়। চারিদিকে কান পাতলে এমন কথা প্রায়ই শোনা যায়। এমনও শোনা গেছে, টি২০ ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে নাকি আর্থিক দুর্নীতি। এবার টি২০ বিশ্বকাপে মুখ পুড়ল আইসিসি–র। বিশ্বকাপ আয়োজনে নাকি আর্থিক নয়ছয় হয়েছে। আর আর্থিক নয়ছয়ের অভিযোগে পদত্যাগ করেছেন আইসিসি–র দুই শীর্ষ কর্তা ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি।
আইসিসি–র বিপণন ও যোগাযোগ বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লেয়ার ফারলং। আর ক্রিস টেটলি ছিলেন আয়োজক কমিটির প্রধান ও ভেন্যু পরিদর্শক দলের সদস্য। এই দুই শীর্ষ কর্তার বিরুদ্ধে অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ম্যাচগুলিতে হিসাব বহির্ভূতভাবে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করেছেন। প্রয়োজনের তুলনায় তাঁদের এই বেশি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন আইসিসি–র পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য। তার জেরেই পদত্যাগ করেছেন ক্লেয়ার ফারলং ও ক্রিস টেটলি।
বিশ্বকাপ আয়োজনে আর্থিক নয়ছয়ের অভিযোগ ওঠায় টি২০ বিশ্বকাপে আয়ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসেব চেয়ে সব সদস্যের কাছে চিঠি পাঠিয়েছেন আইসিসি–র পরিচালক পঙ্কজ খিমজি। পাশাপাশি তিনি তদন্তের আহ্বান জানিয়েছেন। আগামী সপ্তাহে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসি–র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে আর্থিক নয়ছয়ের বিষয়টি নিয়ে আলোচনা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনে লাগামছাড়া খরচ করা হয়েছে। কোনও ভারসাম্য ছিল না। আইসিসি ভেবেছিল টিকিট বিক্রি করে খরচ পুশিয়ে নেবে। কিন্তু বেশিরভাগ ম্যাচে দর্শক কম হওয়ায় বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আইসিসি–কে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্তা দাবি করেছেন, অকারণে অর্থ ব্যয় করা হয়েছে। কয়েকজন ইচ্ছেমতো টাকা খরচ করেছে। সেই কর্তার অভিযোগের আঙুল আইসিসি–র শীর্ষ কর্তা ক্রিস টেটলির দিকে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা ড্রপ–ইন পিচ নিয়েও আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে ফারলং ও টেটলির বিরুদ্ধে। দুজনই দারুণ চাপে ছিলেন। তদন্তের মুখে পড়তে হওয়ার আশঙ্কায় পদত্যাক করেছেন এই দুই শীর্ষ কর্তা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.