পরিকল্পনা কাজে লাগল না, ব্যর্থ অভিমন্যু–লোকেশ জুটি, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে আবার ব্যাটিং বিপর্যয়ে ভারত ‘এ’
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে নিজেকে মেলে ধরতে পারলেন না লোকেশ রাহুল। ওপেন করতে নেমে ক্রিজে স্থায়ী হলেন মাত্র ৪ বল। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা ভারতীয় ‘এ’ দলেরও। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে নিজেকে মেলে ধরতে পারলেন না লোকেশ রাহুল।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ০৭, ২০২৪
Share on:
চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা লোকেশ রাহুলকে দিয়ে টেস্ট সিরিজে ওপেন করানো। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে রাহুলকে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ‘এ’ দলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে নিজেকে মেলে ধরতে পারলেন না লোকেশ রাহুল। ওপেন করতে নেমে ক্রিজে স্থায়ী হলেন মাত্র ৪ বল। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা ভারতীয় ‘এ’ দলেরও। প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় বেসরকারি টেস্টে টস জিতে ভারত ‘এ’–কে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়ক নাথান ম্যাকসুয়েনি। শুরুতেই বিপর্যয়। ইনিংসের তৃতীয় বলেই ফিরে যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়া অভিমন্যু ঈশ্বরণ (০)। মাইকেল নেসেরের বলে তিনি আউট হন। পরের বলেই সাই সুদর্শনকেও (০) ফেরান নেসের। দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে (৪) ফেরান বোল্যান্ড। পরের ওভারে আবার ধাক্কা নেসেরের। এবার তাঁর শিকার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (৪)।
৩ ওভারের মধ্যে ১১ রানে টপ অর্ডারের ৪ সেরা ব্যাটারকে হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে ভারতীয় ‘এ’ দল। এরপর সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেল। ৬৪ রানের মাথয় আউট হন পাড়িক্কল (২৬)। নীতীশ রেড্ডি (১৬), তনুশ কোটিয়ান (০), খলিল আমেদরা (১) রান পাননি। ১১৯ রানে ৮ উইকেট হারায় ভারত। ধ্বংসের মুখে একা লড়াই করেন ধ্রুব জুরেল। তাঁর ৮০ রানের সৌজন্যেই ১৫০ রানের গন্ডি পার করে ভারত। জুরেলকে শেষদিকে কিছুটা সঙ্গ দেন প্রসিদ্ধ কৃষ্ণ (১৪)। ১৬১ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ২৭ রানে ৪ উইকেট নেন নেসের। ১৯ রানে ৩ উইকেট ওয়েবস্টারের।
ব্যাট করতে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া ‘এ’। ভারতের সাফল্য আসে মুকেশ কুমারের হাত ধরে। নবম ওভারের দ্বিতীয় বলে নাথান ম্যাকসুয়েনিকে (১৪) তুলে নেন মুকেশ। এরপর ক্যামেরন ব্যানক্রফটকে (৩) খলিল আমেদ। অস্ট্রেলিয়া ১৭.১ ওভার ব্যাট করার পর বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা বন্ধ হয়ে যায়। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে অস্ট্রেলিয়া ‘এ’।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.