ট্রেন্ডিং

WTC 2025 Final

বিধ্বংসী রাবাদা, জবাব অসিদেরও, প্রথম দিনেই জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

অতীতে টেস্ট ক্রিকেটে দেখা যেত জোরে বোলারদের দাপট। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে যেন সেই অতীতের ছায়া। প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট। কাগিসো রাবাদার পাল্টা জবাব মিচেল স্টার্কদের।

দুরন্ত বোলিং। অস্ট্রেলিয়ার ইনিংসে ধস নামালেন কাগিসো রাবাদা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫
Share on:

অতীতে টেস্ট ক্রিকেটে দেখা যেত জোরে বোলারদের দাপট। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে যেন সেই অতীতের ছায়া। প্রথম দিনেই পড়ল ১৪ উইকেট। কাগিসো রাবাদার পাল্টা জবাব মিচেল স্টার্কদের। তবে প্রথম দিনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জমে উঠলেও কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না।

টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান বাভুমা। তাঁর সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে শুরুতেই অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলে দেন কাগিসো রাবাদা, মার্কো জানসেনরা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে অসিরা। সপ্তম ওভারে উসমান খোয়াজাকে (‌২০ বলে ০)‌ দিয়ে শুরু করেছিলেন রাবাদা। একই ওভারের শেষ বলে শিকার ক্যামেরন গ্রিন (‌৩ বলে ৪)‌। দীর্ঘক্ষণ ধরে লড়াই করেও মার্নাস লাবুশেন (‌৫৬ বলে ১৭)‌ ইনিংস লম্বা করতে পারেননি। ২৪তম ওভারে ট্রাভিস হেডকে হারিয়ে আরও বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।


৬৭ রানে ৪ উইকেট হারানোর পর বিউ ওয়েবস্টারকে নিয়ে লড়াই শুরু করেন স্টিভ স্মিথ। মধ্যাহ্নভোজের বিরতির পর এই অসি জুটি প্রোটিয়াদের ওপর চাপ তৈরি করে। দুজনের জুটিতে ওঠে ৭৯। স্মিথকে (‌১১২ বলে ৬৬)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন এইডেন মার্করাম। স্মিথ ফিরে যাওয়ার পর ওয়েবস্টারকে কিছুটা সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি (‌৩১ বলে ২৩)‌। তিনি আউট হতেই আবার ধস নামে অস্ট্রেলিয়া ইনিংসে। শেষ পর্যন্ত ২১২ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন বিউ ওয়েবস্টার (‌৯২ বলে ৭২)‌। দুরন্ত বোলিং করে ৫১ রানে ৫ উইকেট নেন রাবাদা। ৪৯ রানে ৩ উইকেট জানসেনের।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও স্বস্তিতে থাকতে পারেনি। প্রথম ওভারেই এইডেন মার্করামের (‌০) স্টাম্প ছিটকে নিয়ে প্রোটিয়া শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। নবম ওভারে রায়ান রিকেলটনকেও (‌২৩ বলে ১৬) ফেরান। উইয়ান মুলডার (৪৪ বলে ৩)‌, ট্রিস্টান স্টাবসদের (‌১২ বলে ২)‌ স্বস্তিতে থাকতে দেননি জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ‌‌এখনও ১৬৯ রানে পিছিয়ে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora