খালিদ জামিলের স্ট্র্যাটেজির কাছে নতিস্বীকার, জামশেদপুরের কাছে হেরে আতঙ্কে মোহনবাগান
মোলিনা। জামশেদপুর যেন তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। লিগ পর্বে জামশেদপুরে গিয়ে ১ গোলে এগিয়ে থেকেও ড্র করে ফিরতে হয়েছিল মোহনবাগানকে। বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে ২–১ ব্যবধানে হারতে হল। ফাইনালে যেতে গেলে দ্বিতীয় পর্বে ঘরের মাঠে ২ গোলের ব্যবধানে জিততে হবে হোসে মোলিনার দলকে।
বল দখলের লড়াইয়ে সিভেরিও ও টম আলড্রেড।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ০৪, ২০২৫
Share on:
যত শক্তিশালী দলই হোক, চলতি আইএসএলে জামশেদপুর এফসি–র বিরুদ্ধে জয়ের জন্য বেগ পেতে হয়েছে। লিগ–শিল্ড জেতা মোহনবাগান সুপার জায়ান্ট তো হাড়ে হাড়ে টের পেল। এর নেপথ্যে কিন্তু খালিদ জামিল। এই ভারতীয় কোচের স্ট্র্যাটেজির কাছে বাঘা বাঘা বিদেশি কোচেরাও হার মেনেছেন। যেমন বৃহস্পতিবার মোহনবাগান কোচ হোসে মোলিনা। জামশেদপুর যেন তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। লিগ পর্বে জামশেদপুরে গিয়ে ১ গোলে এগিয়ে থেকেও ড্র করে ফিরতে হয়েছিল মোহনবাগানকে। এদিন তো হেরেই ফিরতে হল।
বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে ২–১ ব্যবধানে হারতে হল মোহনবাগানকে। ফাইনালে যেতে গেলে দ্বিতীয় পর্বে ঘরের মাঠে ২ গোলের ব্যবধানে জিততে হবে হোসে মোলিনার দলকে। ১ গোলে জিতলে টাইব্রেকার। মোহনবাগানের যা দল, ঘরের মাঠে জেতাটা অসম্ভব কিছু নয়। তবে খালিদ জামিল জিততে দেবেন তো? রক্ষণাত্মক ফুটবলের জন্য তিনি বিখ্যাত। ৭ এপ্রিল যুবভারতীতে ১০ ডিফেন্সে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
চোটের জন্য মনবীর সিং ও আপুইয়া না থাকায় এদিন মোহনবাগান মাঝমাঠে খেলা তৈর হয়নি। তার ওপর রক্ষণ মজবুত রেখে প্রতিআক্রমণে গোল তুলে নেওয়ার কৌশল নিয়েছিলেন জামশেদপুর কোচ খালিদ জামিল। ৫ মিনিটেই মোহনবাগান বক্সে হানা দিয়েছিল জামশেদপুর। পেনাল্টিও পেতে পারত। রেফারির বদান্যতায় পায়নি। নিখিল বার্লার সেন্টার আশিস রাইয়ের হাতে লাগলে এড়িয়ে যান রেফারি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জামশেদপুরকে। ২৫ মিনিটের মাথায় মহম্মদ উবেশের লম্বা থ্রো স্টিভেন এজের মাথায় লেগে চলে যায় সিভেরিওর কাছে। হেডে তিনি বল জালে পাঠান।
পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। ৩৪ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। গ্রেগ স্টুয়ার্টের ফ্রিকিকে হেড করেছিলেন আলবার্তো। বল বারে লেগে ফিরে আসে। মিনিট তিনেক পরেই সমতা ফেরায় মোহনবাগান। দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে সমতা ফেরান জেসন কামিংস। প্রথামার্ধের বাকি সময়ে বলার মতো কোনও আক্রমণ গড়ে তুলতে পারেনি মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেঅই আক্রমণে ঝড় তুলেছিল হোসে মোলিনার দল। কিন্তু স্টিভেন এজের নেতৃত্ব যাবতীয় আক্রমণ দারুণভাবে প্রতিহত করে জামশেদপুর রক্ষণ। আক্রমণের চাপ আরও বাড়াতে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ম্যাকলারেন ও পেত্রাতোসকে নামান মোলিনা। তাতেও জামশেদপুরের রক্ষণব্যুহ ভেদ করতে পারছিল না মোহনবাগান। উল্টে ম্যাচের ইনজুরি সময়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করে জামশেদপুরকে সেমিফাইনালের দিকে একধাপ এদিয়ে দেন জাভি হার্নান্ডেজ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.