অভিষেক ও করণ লালের ঝোড়ো ব্যাটিংয়ে সৈয়দ মুস্তাকে আবার জয়ের সরণিতে বাংলা
সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় আবার জয়ের সরণিতে ফিরল বাংলা। পঞ্চম ম্যাচে দুর্বল মেঘালয়কে হারিয়েছে ৬ উইকেটে। বাংলার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল।
আবার ম্যাচের সেরা অভিষেক পোড়েল।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ০২, ২০২৪
Share on:
সৈয়দ মুস্তাক আলি টি২০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছিল বাংলা। প্রথম তিন ম্যাচে জয়। চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন। বড় রান করেও হারতে হয়েছিল মধ্যপ্রদেশের কাছে। আবার জয়ের সরণিতে ফিরল বাংলা। পঞ্চম ম্যাচে দুর্বল মেঘালয়কে হারিয়েছে ৬ উইকেটে। বাংলার জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেঘালয়। কিন্তু মহম্মদ সামি, কনিষ্ক শেঠ, সায়ন ঘোষদের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি মেঘালয়ের দুই ওপেনার অর্পিত ভাটেওয়ারা, আরিয়েন সাংমা। ওপেনিং জুটিতে মেঘালয় ১১ ওভারে তোলে ৬৩। দ্বাদশ ওভারের প্রথম বলে অর্পিত ভাটেওয়ারাকে (৩২ বলে ২৪) তুলে নেন প্রয়াস রায়বর্মন। ২ বল পরই ফেরান আরিয়েন সাংমাকে (৩৬ বলে ৩৭)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১২৭ রানের বেশি তুলতে পারেনি মেঘালয়। ল্যারি সাংমা ২১ বল করেন ৩৮। তাঁকে ফেরান সায়ন ঘোষ। ২৫ রানে ২ উইকেট নেন সায়ন। ২২ রানে ২টি উইকেট নেন প্রয়াস রায়বর্মন। ৪ ওভরে ১৬ রান দিয়ে ঝুলিতে কোনও উইকেট ভরতে পারেননি মহম্মদ সামি।
জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। ওপেনিং জুটিতে মাত্র ৫.৩ ওভারে ওঠে ৮০। যষ্ঠ ওভারের চতুর্থ বলে প্রথম ধাক্কা খায় বাংলা। বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকে করণ লালকে (১৬ বলে ৪২) তুলে নেন আরিয়ান বোরা। করণ লাল আউট হওয়ার পরপরই ধস নামে বাংলার ইনিংসে। ওভারের শেষ বলে শাকির গান্ধীকেও (০) ফেরান আরিয়ান।
পরের ওভারে আবার জোড়া ধাক্কা খায় বাংলা। ১ বলের ব্যবধানে রণজ্যোত খাইরা (০) ও সুদীপ ঘরামিকে (০) তুলে নেন হিমান ফুকান। ৮ বলের ব্যবধানে দ্রুত ৪ উইকেট হারায় বাংলা। সাময়িক চাপে পড়লেও জয় পেতে সমস্যা হয়নি বাংলার। ১১.৫ ওভারেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় বাংলা (১২৮/৪)। বিধ্বংসী মেজাজে ব্যাট করে ৩১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন অভিষেক পোড়েল। অন্যদিকে, ১৮ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন ঋত্বিক চ্যাটার্জি। গ্রুপ এ–তে ৫ ম্যাচে ১৬ পয়েন্ট কর বাংলা ও মধ্যপ্রদেশের। নেট রান রেটে বাংলার থেকে এগিয়ে থেকে রয়েছে দ্বিতীয় স্থানে মধ্যপ্রদশ। তৃতীয় স্থানে বাংলা। ২০ পয়েন্টে শীর্ষে রাজস্থান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.