ট্রেন্ডিং

India vs New Zealand Test

সরফরাজ–ঋষভের দুরন্ত লড়াই, তবুও ৩৬ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের হাতছানি ভারতের

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই টেস্টের স্মৃতি কি ফিরিয়ে নিয়ে আসতে পারবে ভারত?‌ না, ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্টে জয় ছিনিয়ে নেবে নিউজিল্যান্ড। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীর দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ৩৬ বছর পর জয় পেতে গেলে নিউজিল্যান্ডকে তুলতে হবে ১০৭।

৩৬ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের সামনে দাঁড়িয়ে ভারত

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২৪
Share on:

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই টেস্টের স্মৃতি কি ফিরিয়ে নিয়ে আসতে পারবে ভারত?‌ না, ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্টে জয় ছিনিয়ে নেবে নিউজিল্যান্ড। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীর দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। ভারত–নিউজিল্যান্ড প্রথম টেস্টের শেষদিন বৃষ্টি ব্যাঘাত না ঘটালে ফলাফল নিশ্চিত। এখন দেখার কোন দল শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারে। তবে নিউজিল্যান্ডের পাল্লা ভারী। আর ভারত যদি ম্যাচ ছিনিয়ে নিতে পারে, সেটা হবে বড় অঘটন।

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের কাছে দ্বিতীয় ইনিংস ছিল অগ্নিপরীক্ষার। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং ঘুরে দাঁড়ালেও নিউজিল্যান্ডের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ভারত তুলল ৪৬২। ভারতের মাটিতে দীর্ঘ ৩৬ বছর পর জয় পেতে গেলে নিউজিল্যান্ডকে তুলতে হবে ১০৭। ২০০৪ সালে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার সামনে ১০৭ রানের টার্গেট দিয়েও জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। রোহিতের ভারত সেই কৃতিত্ব স্পর্শ করতে পারে কিনা, এখন সেটাই দেখার। 

তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ২৩১/‌১। ৭০ রান করে দিনের শেষ বলে আউট হয়েছিলেন কোহলি। ৭৮ বলে ৭০ রান করে ক্রিজে ছিলেন সরফরাজ খান। চতুর্থ দিন হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। সরফরাজের সঙ্গে দলকে টেনে নিয়ে যান। দুজনেই দুরন্ত ব্যাটিং করেন। ৮৫ তম ওভারের প্রথম বলে আউট হন সরফরাজ। ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯৫ বলে ১৫০ রান করেন তিনি। ৮৯ ওভারের মাথায় দলীয় ৪৩৩ রানে আউট হন ঋষভ। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হারান তিনি। ১০৫ বলে ৯৯ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন। 


ঋষভ আউট হওয়ার পরপরই ধস নামে ভারতের ইনিংসে। পরপর ফিরে যান লোকেশ রাহুল (‌১২)‌, রবীন্দ্র জাদেজা (‌৫)‌, রবিচন্দ্রন অশ্বিন (‌১৫)‌, যশপ্রীত বুমরা (‌০)‌ ও মহম্মদ সিরাজ (‌০)। ৬ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ৪৬২ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও উইলিয়াম ও’‌রোর্কে ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন আজাজ প্যাটেল।

জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৭। নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন আকাশ কালো মেঘে ঢেকে গেছে। ৪ বল খেলা হওয়ার পরই আলো কম থাকায়া আম্পায়াররা দিনের খেলা বন্ধ করে দেন। আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি ছিলেন না রোহিত শর্মা। তিনি মাঠেই আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ১৯৮৮ সালে শেষবার ভারতের মাটিতে টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় টেস্টে ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল। ৩৬ বছর পর আবার জয়ের হাতছানি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora