ট্রেন্ডিং

ICC Chairman

আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বার্কলে, আইসিসি–র চেয়ারম্যানের পদে বসতে চলেছেন জয় শাহ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ–র আইসিসি–র চেয়ারম্যান হওয়া কার্যত নিশ্চিত। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের জায়গায় তিনি দায়িত্ব নেবেন। সবথেকে কম বয়সে আইসিসি–র প্রধানের চেয়ারে বসবেন জয় শাহ।

সবথেকে কম বয়সে আইসিসি–র প্রধানের চেয়ারে বসবেন জয় শাহ

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৪
Share on:

জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ারের পর আইসিসি–র চেয়ারম্যানের পদে বসতে চলেছেন আরও এক ভারতীয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ–র আইসিসি–র চেয়ারম্যান হওয়া কার্যত নিশ্চিত। বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের জায়গায় তিনি দায়িত্ব নেবেন। সবথেকে কম বয়সে আইসিসি–র প্রধানের চেয়ারে বসবেন জয় শাহ।

এই মুহূর্তে আইসিসি–র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন গ্রেগ বার্কলে। পরপর দুটি মেয়াদে তিনি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ আইসিসি–র অন্যান্য পরিচালকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানান, তৃতীয়বারের জন্য তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর ইচ্ছে আইসিসি–র চেয়ারম্যানের পদে বসার। জয় শাহ–র ইচ্ছের কথা জেনেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বার্কলে। কারণ, জয় শাহ–র পেছনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটা ক্রিকেট বোর্ডের সমর্থন রয়েছে। তাই আইসিসি–র প্রধান হিসেবে মুকুট পরা জয় শাহর শুধু সময়ের অপেক্ষা। 


আরও পড়ুনঃ রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে মহিলা টি২০ বিশ্বকাপ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি


আইসিসি–র এক মুখপাত্র জানিয়েছেন, ‘‌চেয়ারম্যান গ্রেগ বার্কলে বোর্ডকে নিশ্চিত করেছেন যে, তিনি তৃতীয়বারের  মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। নভেম্বরে বর্তমান মেয়াদ শেষ হলে পদ থেকে সরে দাঁড়াবেন।’‌ ২০২০ সালের নভেম্বরে প্রথমবার আইসিসি–র চেয়ারম্যানের দায়িত্ব নেন বার্কলে। ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। পরবর্তী চেয়ারম্যানের নির্বাচনের জন্য এবছর ২৭ আগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। যদি একাধিক মনোনয়ন জমা পড়ে তাহলে ১ ডিসেম্বর চেয়ারম্যান পদের জন্য নির্বাচন হবে। আইসিসি–র নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানের নির্বাচনে ১৬টি ভোট থাকে। জয় পেতে হলে ৯টি ভোট পেতে হবে। আগে চেয়ারম্যান হতে গেলে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।

২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদে থাকতে পারবেন জয় শাহ। তারপর ৩ বছরের বাধ্যতামূলক কুলিং অফে যেতে হবে। বিসিসিআই গঠনতন্ত্র অনুযায়ী, একজন পদাধিকারী তিন বছরে কুলিং অফে যাওয়ার আগে ৬ বছর দায়িত্বে থাকতে পারবেন। রাজ্য সংস্থা ও ভারতীয় বোর্ড মিলিয়ে একজন প্রশাসক সর্বোচ্চ ১৮ বছর দায়িত্বে থাকতে পারবেন। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora