ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জস বাটলার
গোটা দেশ জুড়ে ‘বাটলার হটাও’ রব উঠে গিয়েছিল। সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বাটলারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই শেষবারের মতো নেতৃত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার মাঠে নামবেন বাটলার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Share on:
২০২৩ একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়। গতবছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল। এবছর ভারতের কাছে টি২০ ও একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেও বিদায়। তার আগে শেষ চারটি একদিনের দ্বিপাক্ষিক সিরিজেও হার। স্বাভাবিকভাবেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল জস বাটলারের। গোটা দেশ জুড়ে ‘বাটলার হটাও’ রব উঠে গিয়েছিল। সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বাটলারের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই শেষবারের মতো নেতৃত্বের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে বাটলারের কাছে শেষ ম্যাচ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচই অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। এটা আমার ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করছি অন্য কেউ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দলকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে ইংল্যান্ডের থাকা উচিত।’
নেতৃত্ব ছাড়লেও এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা নেই বাটলারের। তিনি বলেছেন, ‘আমি এখনও ক্রিকেট উপভোগ করতে চাই। আবেগ ও হতাশা এখনও আছে। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে তা কেটে যাবে। আশা করছি ক্রিকেট উপভোগ করতে পারব। দেশের অধিনায়কত্ব করা কতটা বিশাল সম্মানের এবং এর সাথে আসা সমস্ত বিশেষ বিষয়গুলি নিয়ে ভবিষ্যতে ভাবতে সক্ষম হব।’
৩৪ বছর বয়সী বাটলারের ২০১২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়। তখন থেকেই দলে অপরিহার্য। ২০২২ সালে ইওন মরগ্যান অবসর নেওয়ার পর বাটলার অধিনায়ক হন। তবে অধিনায়ক হওয়ার পর থেকে তিনি একদিনের ক্রিকেটে দলকে ভাল জায়গায় নিয়ে যেতে পারেননি। সব মিলিয়ে ইংল্যান্ডকে ৪৩টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাটলার। এর মধ্যে ২৫টিতেই হেরেছেন। ১৮টি জিতেছেন। ১টি ম্যাচে ফলাফল হয়নি। টি২০ ক্রিকেটে ৫১ ম্যাচের মধ্যে ২৬টিতে জয় ও ২২টিতে হেরেছেন বাটলার। সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমানে সহ–অধিনায়কের দায়িত্বে থাকা হ্যারি ব্রুক।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.