ট্রেন্ডিং

Women Premiere League 2025

‌স্মৃতির ঝড়ে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস, টানা দ্বিতীয় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জয় দিয়ে মহিলা প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় মাচেও দুর্দান্ত জয় তুলে নিল স্মৃতি মান্ধানার দল। দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল ৮ উইকেটে। প্রথম ম্যাচে রান পাননি বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মান্ধানা। দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার জ্বালা মিটিয়ে নিলেন।

মহিলা প্রিমিয়ার লিগে জীবনের সর্বোচ্চ রান করার পথে বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মান্ধানা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Share on:

গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে জয় দিয়ে মহিলা প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় মাচেও দুর্দান্ত জয় তুলে নিল স্মৃতি মান্ধানার দল। দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল ৮ উইকেটে। প্রথম ম্যাচে রান পাননি বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মান্ধানা। দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার জ্বালা মিটিয়ে নিলেন। মহিলা প্রিমিয়ার লিগে জীবনের সর্বোচ্চ রান করে দলকে জয় এনে দিলেন।

টস জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় দিল্লি। শেফালি ভার্মাকে (‌০)‌ তুলে নেন রেণুকা সিং। প্রথম ওভারে উইকেট হারালেও চাপে পড়েনি দিল্লি। আক্রমণাত্মক ব্যাটিং করে বেঙ্গালুরুকে পাল্টা চাপে ফেলে দেন জেমিমা রগডিগেজ ও মেগ ল্যানিং। জুটিতে ওঠে ৫৯। সপ্তম ওভারের পঞ্চম বলে ল্যানিংকে (‌১৯ বলে ১৭)‌ তুলে নেন কিম গার্থ। পরের ওভারেই জর্জিয়া ওয়ারহ্যামের বলে জেমিমা রডরিগেজকে (‌২২ বলে ৩৪)‌ স্টাম্প করেন রিচা ঘোষ। 

একাদশ ওভারে অ্যানেবেল সাদারল্যান্ডকে (‌১৩ বলে ১৯)‌ তুলে নেন রেণুকা সিং। জোনাসেন (‌১)‌ রান পাননি। মারিজানে কাপ (‌১৩ বলে ১২)‌ আউট হতেই বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় দিল্লির। সারা ব্রাইস (‌১৯ বলে ২৩)‌, শিখা পান্ডের (‌১৫ বলে ১৪)‌ সৌজন্যে শেষ পর্যন্ত ১৪১ রানে পৌঁছয় দিল্লি। ১৯.‌৩ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায়। ২৩ রানে ৩ উইকেট নেন রেণুকা সিং। ২৫ রানে ৩ উইকেট জর্জিয়া ওয়ারহ্যামেরও।


আগের ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রান পাননি বেঙ্গালুরুর দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও ড্যানিয়েলা ওয়াট–হজ। এদিন দুর্দান্ত শুরু করেন। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ১০৭। ২৭ বলে হাফ–সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মান্ধানা। অবশেষে একাদশ ওভারে জুটি ভাঙেন অরুন্ধতী রেড্ডি। পঞ্চম বলে ফেরান ওয়াট–হজকে (‌৩৩ বলে ৪২)‌। হজ আউট হলেও অন্যপ্রান্তে ঝড় অব্যাহত থাকে স্মৃতি মান্ধানার। অবশেষে ১৬ তম ওভারের প্রথম বলে শিখা পান্ডের বলে অরুন্ধতী রেড্ডির হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মৃতি। ৪৭ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন বেঙ্গালুরু অধিনায়ক। 

স্মৃতি যখন আউট হন, জয় থেকে মাত্র ৯ রান দুরে ছিল বেঙ্গালুরু। বাকি কাজটা সারেন এলিসে পেরি (‌১৩ বলে অপরাজিত ৭)‌ ও রিচা ঘোষ (‌৫ বলে অপরাজিত ১১)‌। ২২ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে টানা দুটি ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। দিল্লির হয়ে ১টি করে উইকেট নেন শিখা পান্ডে ও অরুন্ধতী রেড্ডি। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora