চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে, দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে লজ্জার হারে চাপ বাড়ল সূর্যদের
সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে লজ্জার হার ভারতের। চরম ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন ডেভিড মিলার। প্রোটিয়াদের কাছে বড়ব্যবধানে হেরে সেমিফাইনালের রাস্তা কন্টকাকীর্ণ করে তুলল ভারত।
চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন ডেভিড মিলার।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬
Share on:
এইডেন মার্করামের চতুর্থ বলে ঈশান কিষাণের লফটেড শট রায়ান রিকেলটনের তালুবন্দী হতেই অশনি সংকেতটা নেমে এসেছিল। দেওয়াল লিখন আরও পরিস্কার হয়ে গিয়েছিল পরের ওভারেই মার্কো জানসেনের বল তিলক ভার্মার ব্যাট ছুঁয়ে কুইন্টন ডিককের হাতে জমা হতেই। ৭ বলে ২ উইকেট হারিয়ে কোমায় চলে গিয়েছিল ভারত। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে লজ্জার হার ভারতের। চরম ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল ভারতকে। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন ডেভিড মিলার। প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের রাস্তা কন্টকাকীর্ণ করে তুলল ভারত।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের মতো শুরুতেই কোমায় চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকাও। দ্বিতীয় ওভারেই কুইন্টন ডিককের (৪) স্টাম্প ছিটকে দিয়েছিলেন যশপ্রীত বুমরা। পরের ওভারে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে (৬) ফেরান অর্শদীপ সিং। চতুর্থ ওভারে বুমরা যখন রায়ান রিকেলটনকে (৭) তুলে নিয়ে আবার আঘাত হানেন, দক্ষিণ আফ্রিকা তখন ৪ ওভারে ২০।
২০ রানে ৩ উইকেট হারিয়েও প্রোটিয়া শিবির কিন্তু চাপে পড়ে যায়নি। ডিওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ডেভিড মিলার। ব্রেভিস (২৯ বলে ৪৫) যখন আউট হন, দক্ষিণ আফ্রিকা রীতিমতো কোমা থেকে বেরিয়ে এসেছে। ১২.২ ওভারে তখন প্রোটিয়াদের রান ১১৭/৪। মিলারের ব্যাটে অবশ্য ঝড় অব্যাহত। শেষপর্যন্ত ৩৫ বলে ৬৩ রান করে তিনি আউট হন। ট্রিস্টান স্টাবসের ঝড়ে ২০ ওভারে ১৮৭/৭ রানের বড় স্কোর খাড়া করে দক্ষিণ আফ্রিকা। ২৪ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন স্টাবস। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৩ উইকেট নেন বুমরা। ২৮ রানে ২ উইকেট অর্শদীপ সিংয়ের। বরুণ চক্রবর্তী ও শিবম দুবে ১টি করে উইকেট নেন।
চলতি বিশ্বকাপে ব্যাটিং নিয়ে যথেষ্ট ভুগতে হচ্ছে ভারতকে। ওপেনিং জুটির কাছ থেকে কোনও ম্যাচেই বড় রান আসেনি। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। এইডেন মার্করামের মাস্টারস্ট্রোকে চতুর্থ বলেই ডাগ আউটে ঈশান কিষাণ (০)। পরের ওভারেই জানসেনের শিকার তিলক ভার্মা (১)। মনে হচ্ছিল শূন্যের ফাঁড়া কাটিয়ে অভিষেক শর্মা (১২ বলে ১৫) হয়তো রানে ফিরবেন। তাঁকেও পরিকল্পনা করে তুলে নেন জানসেন। ৪.৩ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার মতো ভারতও কোমায় চলে গিয়েছিল। ভারতের দুর্ভাগ্য ডেভিড মিলার কিংবা ডিওয়াল্ড ব্রেভিসের মতো কোনও ডাক্তার ছিল না। সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর চেষ্টা করছিলেন। করবিন বশের বল ব্যাটের কানায় লাগিয়ে আউট সুন্দর (১১ বলে ১১) আউট। দশম ওভারের প্রথম বলে সূর্যকে (২২ বলে ১৮) তুলে নিয়ে ভারতের আশা কার্যত শেষ করে দেন বশ। হার্দিক পান্ডিয়া (১৭ বলে ১৮) ও রিঙ্কু সিংয়ের (০) ব্যর্থতা ঢেকে ভারতকে সেঞ্চুরিতে পৌঁছে দিয়ে লজ্জা কিছুটা নিবারণ করেন শিবম দুবে (৩৭ বলে ৪২)। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ভারত। দুরন্ত বোলিং করে ২২ রানে ৪ উইকেট তুলে নেন মার্কো জানসেন। ২৪ রানে ৩ উইকেট কেশব মহারাজের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.