ট্রেন্ডিং

IPL 2025 Opening Ceremony

আইপিএলের জমকালো উদ্বোধন, মাতালেন শ্রেয়া, মঞ্চে বিরাট কোহলিকে নাচিয়ে ছাড়লেন শাহরুখ খান

১৮তম আইপিএলের উদ্বোধনী মঞ্চে দুই বাদশা, একজন সিনেমা জগতের, অন্যজন ক্রিকেটীয় জগতের। তবে বিনোদন দেওয়ার ব্যাপারে দুজনই সিদ্ধহস্ত। শনিবার যার সাক্ষী থাকলেন ইডেনের দর্শকরা। শাহরুখের সঙ্গে নাচলেন বিরাট কোহলি। পরে নাচিয়ে দিলেন নাইট রাইডার্সের বোলারদের।

শাহরুখের সঙ্গে নাচছেন বিরাট কোহলি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৫
Share on:

একমঞ্চে যদি শাহরুখ খান ও বিরাট কোহলি থাকেন?‌ একেবারে জমে দই। শনিবাসরীয় সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননেও তার ব্যতিক্রম নেই। ১৮তম আইপিএলের উদ্বোধনী মঞ্চে দুই বাদশা, একজন সিনেমা জগতের, অন্যজন ক্রিকেটীয় জগতের। তবে বিনোদন দেওয়ার ব্যাপারে দুজনই সিদ্ধহস্ত। শনিবার যার সাক্ষী থাকলেন ইডেনের দর্শকরা। শাহরুখের সঙ্গে নাচলেন বিরাট কোহলি। পরে নাচিয়ে দিলেন নাইট রাইডার্সের বোলারদের।
শ্রেয়া ঘোষালের গান, দিশা পাটানির নাচ ও করণ আউজলার র‌্যাপে উদ্বোধন ২০২৫ আইপিএলের। জনপ্রিয় গানে গোটা ইডেন মাতিয়ে দেন শ্রেয়া ঘোষাল। শেষ করলেন বন্দে মাতরম দিয়ে। তারপর দিশা পাটানি ও করণ আউজলার পারফরম্যান্স। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরুখ খান। করণ আউজলার গান শেষ হতেই বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন শাহরুখ। তাঁকে আইপিএলের সোনালি প্রজন্মের ক্রিকেটার বলে অভিহিত করেন নাইট কর্ণধার। শাহরুখ বলেন, বিরাট সকলের কাছেই অনুপ্রেরণার।
এরপর শাহরুখ ডেকে নেন নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে। শাহরুখের অনুরোধে তাঁর সঙ্গে ‘‌লুট পুট গ্যায়া’‌ গানের তালে নাচেন রিঙ্কু সিং। রিঙ্কুর নাচ দেখে বিরাট কোহলি হাসছিলেন। এরপর শাহরুখ বলেন, বিরাটকেও ছাড়ব না। কোহলিকে নাচার অনুরোধ করলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান বিরাট। শাহরুখের সঙ্গে তিনি নাচলেন ‘‌ঝুমে যো পাঠান’‌ গানের তালে।
কোহলির নাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের পাশাপাশি অনুষ্ঠানের শিল্পীদের মঞ্চে ডেকে নেন শাহরুখ। সুসজ্জিত রথে চড়ে মাঠে ঢোকেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। আইপিএলের ১৮ বছর উপলক্ষে বিশাল কেক কাটেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি। ছিলেন অন্যান্য বোর্ডকর্তারা। এরপর আতশবাজির প্রদর্শনী। ইডেন বেল বাজিয়ে ২০২৫ আইপিএলের সূচনা করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছিলেন সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বমী।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora