বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বিদায় ওয়েস্ট ইন্ডিজের
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় দল হিসেবে গ্রুপ থেকে সেমিফাইনালে ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৪, ২০২৪
Share on:
রবিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইংল্যান্ড জেতায় আজ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়িয়েছিল। যে দল জিতবে, তারাই সেমিফাইনালে পৌঁছে যাবে। চরম উত্তেজনার ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় দল হিসেবে গ্রুপ থেকে সেমিফাইনালে ইংল্যান্ড।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে দুরন্ত ব্যাটিং করা শাই হোপকে (০) প্রথম ওভারে ফেরান মার্কো জানসেন। দ্বিতীয় ওভারে নিকোলাস পুরানকে (১) তুলে নেন এইডেন মার্করাম। ৫ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজ ও কাইল মায়ার্স জুটি দলকে এগিয়ে নিয়ে যান। গুরুত্বপূর্ণ সময়ে দুজনেই আউট হন। ৩৪ বলে ৩৫ রান করেন মায়ার্স। অন্যদিক ৪২ বলে ৫২ রান করেন রস্টন চেজ। দুজনই তাবারেজ শামসির শিকার। মায়ার্স আউট হওয়ার পর দ্রুত ফেরেন রভম্যান পাওয়েল (১) ও শেরফানে রাদারফোর্ড (০)। আন্দ্রে রাসেল করেন ১৫। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট নেন তাবারেজ শামসি।
রান তাড়া করতে নেমে আকিল হোসেনের প্রথম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান কুইন্টন ডিকক (১২)। দ্বিতীয় ওভারের প্রথ বলে রেজা হেনড্রিকস (০) ও ডিকককে তুলে নেন রাসেল। এরপরই নামে বৃষ্টি। প্রায় সোয়া এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান। ষষ্ঠ ও অষ্টম ওভারে মার্করাম (১৮) ও হেনরিখ ক্লাসেনকে (২২) তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান আলজারি জোসেফ। ডেভিড মিলারকে (৪) তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন রস্টন চেজ। তাঁকে তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ট্রিস্টান স্টাবস (২৯)। শেষ ওভারে ওবেদ ম্যাকয়ের প্রথম বলে ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন মার্কো জানসেন (১৪ বলে অপরাজিত ২১)। ৫ বল বাকি থাকতে ১২৪/৭ তুলে সেমিফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
রবিবার, মার্কিন যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাটট্রিকসহ ১০ রানে ৪ উইকেট নেন ক্রিস জর্ডান। ১৩ রানে ২ উইকেট নেন আদিল রশিদ। নেট রানরেট বাড়িয়ে রাখার লক্ষ্যে শুরু থেকেই ঝন তোলে ইংল্যান্ড। ৯.৪ ওভারে ১১৭/০ তুলে ম্যাচ জিতে নেয়। ৩৮ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জস বাটলার। ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন ফিল সল্ট।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.