পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত ও অস্ট্রেলিয়া
টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে চাপ বাড়ল অস্ট্রেলিয়া ও ভারতের ওপর। দ্বিতীয় দল হিসেবে এখন ফাইনালে ওঠার লড়াই এই দুই দলের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের উল্লাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪
Share on:
দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ১২১ রান। অন্যদিকে, পাকিস্তানকে তুলতে হত ৭ উইকেট। মহম্মদ আব্বাসের দুরন্ত বোলিং সত্ত্বেও জয় অধরা থেকে গেল পাকিস্তানের। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে চাপ বাড়ল অস্ট্রেলিয়া ও ভারতের ওপর। দ্বিতীয় দল হিসেবে এখন ফাইনালে ওঠার লড়াই এই দুই দলের।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২১১ রানে। জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৩০১। ৯০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে পারেনি পাকিস্তান। ২৩৭ রানে গুটিয়ে যায়। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৮। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতে বিপর্যয়ে পড়ে। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে তোলে ২৭/৩। ক্রিজে ছিলেন এইডেন মার্করাম (২২) ও তেম্বা বাভুমা (০)।
চতুর্থ দিন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মার্করাম ও বাভুমা। দলের ৬২ রানের মাথায় মহম্মদ আব্বাসের বলে আউট হন মার্করাম (৬৩ বলে ৩৭)। এরপর দলকে টানছিলেন অধিনায়ক তেম্বা বাভুমা। বাভুমাকেও (৭৮ বলে ৪০) তুলে নেন আব্বাস। তিনি আউট হতেই ধস নামে দক্ষিণ আফ্রিকা ইনিংসে। একসময় ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। সামনে পরাজয়ের হাতছানি। এরপর মার্কো জানসেন (২৪ বলে অপরাজিত ১৬) ও কাগিসো রাবাদার (২৬ বলে অপরাজিত ৩১) দুরন্ত লড়াই দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেয়। ৮ উইকেটে ১৫০ রান তুলে সিরিজে এগিয়ে যায়। মহম্মদ আব্বাসের (৬/৫৪) দুরন্ত বোলিং সত্ত্বেও জয় অধরা থেকে গেল পাকিস্তানের।
পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের সংগৃহীত পয়েন্ট ৫৮.৮৯। আর ৫৫.৮৮ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। দক্ষিণ আফ্রিকা ফাইনালের ছাড়পত্র পেয়ে যাওয়ায় চাপ বাড়ল ভারত ও অস্ট্রেলিয়ার ওপর।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.