আগামী কাল মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। জর্জিয়া অঙ্গরাজ্যের ফোরসাইথ কাউন্টি থেকে কাউন্টি কমিশনার পদে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় বংশোদ্ভূত সুচিতা প্যাটেল। তাঁর এই নির্বাচনে অংশগ্রহন অন্যমাত্রা এনে দিয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন।
জর্জিয়া অঙ্গরাজ্যের ফোরসাইথ কাউন্টির একটা গভীর বর্ণবাদী ও সহিংস ইতিহাস রয়েছে। ইতিহাসের ব্যতিক্রম ঘটিয়ে সুচিতা প্যাটেল ডেমোক্রেটিক পার্টির টিকিটে এই কাউন্টি থেকে কাউন্টি কমিশনার পদে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুচিতা প্যাটেট এমন একজন শক্তিশালী রিপাবলিকান নেতার বিরুদ্ধে লড়ছেন, যিনি গত ১৬ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়ে আসছেন। তিনি মানুষকে ভয় দেখাতে কোনও চেষ্টাই বাকি রাখেন না। সুচিতা প্যাটেলের লক্ষ্য হল এই ভয় দূর করা, তাঁর প্রবাসী ভারতীয় সম্প্রদায়কে রক্ষা করা এবং তাঁর সন্তানদের ভবিষ্যতের জন্য একটা উন্নত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা।
উত্তর জর্জিয়ার অধিবাসী সুচিতা প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা–মা ভারতীয়। সুচিতা বাবা–মা’র সঙ্গে ১৯৯৩ সালে উত্তর জর্জিয়ায় চলে আসেন এবং তখন থেকে এখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। এখানেই শিক্ষা গ্রহণ করেছেন সুচিতা, কর্মজীবন গড়ে তুলেছেন এবং তিন সন্তানকে বড় করেছেন। সুচিতার মতে, ‘এটা আমার জন্য কোনও নির্বাচনী প্রচারের স্থান নয়, এটা আমার বাড়ি।’
একজন অভিজ্ঞ অর্থায়ন পেশাজীবী হিসেবে সুচিতার এফপিএন্ডএ (FP&A), কন্ট্রোলারশিপ এবং কমপ্লায়েন্সে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি আন্তর্জাতিক পরামর্শক সংস্থা থেকে শুরু করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করেছেন। বাজেট কীভাবে কাজ করে, সে বিষয়ে তিনি অত্যন্ত পারদর্শী। সুচিতার দাবি, তিনি সবচেয়ে সূক্ষ্ম খুঁটিনাটিও চিহ্নিত করতে পারেন। তিনি প্রকৃত সরকারি বিনিয়োগ এবং ভুয়ো বেসরকারি চুক্তির মধ্যে পার্থক্য পরিষ্কারভাবে বোঝেন।
নির্বাচনে দাঁড়িয়ে সুচিতা বলেন, ‘আমি প্রথম প্রজন্মের অভিবাসীদের কন্যা, যাঁরা আমাকে শিখিয়েছেন যে, অন্যদের সঙ্গে না নিলে সাফল্যের কোনও মূল্য নেই। এটা কোনো স্লোগান নয়। আমি এভাবেই বড় হয়েছি এবং এই দর্শন নিয়েই আমি আমার জীবন পরিচালনা করি, একজন অভিভাবক হিসেবে, একজন প্রতিবেশী হিসেবে এবং এখন একজন প্রার্থী হিসেবে।’
সুচিতা প্যাটেল ফোরসাইথ কাউন্টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ভারতীয়–আমেরিকান মহিলা। এই কাউন্টির একটা অন্ধকার ইতিহাস রয়েছে, যা জাতিগত সহিংসতা এবং গণপিটুনি দ্বারা চিহ্নিত। ১৯১২ সালে শ্বেতাঙ্গ বসতি স্থাপনকারী এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলি (যেমন কেকেকে) প্রায় সমস্ত কৃষ্ণাঙ্গ বাসিন্দাকে জোরপূর্বক বহিষ্কার করেছিল। এর পরবর্তী কয়েক দশক ধরে এলাকাটা শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত ছিল।