একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউতে ডাক পেলেন ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পাওয়া অনেকেরই এই তালিকায় নাম রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে অনেক চাকরিহারা অনেক যোগ্য প্রার্থী ইন্টারভিউতে ডাক পাননি। অনেকে আবার লিখিত পরীক্ষায় ৬০ এর মধ্যে ৫৯ নম্বর পেয়েও ডাক পাননি পূর্ব অভিজ্ঞতা না থাকায়।
১৮ নভেম্বর থেকে নথিপত্র যাচাই প্রক্রিয়া শুরু হবে। ইন্টারভিউয়ের আগে এই নথি যাচাই প্রক্রিয়া পর্ব সম্পন্ন হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত নথি যাচাই করা হবে। প্রথম দিনই বাংলা বিষয়ের চাকরিপ্রার্থীদর নথি যাচাই করা হবে। তারপর পর্যায়ক্রমে অন্য বিষয়ের। কোন বিষয়ের নথি কবে যাচাই হবে, তার তালিকাও শনিবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
একাদশ–দ্বাদশের ১২ হাজার ৪৪৫টি শূন্যপদের জন্য তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জনকে ডাকার কথা। সেই হিসেবে ১২ হাজার ৪৪৫টি শূন্যপদের জন্য ১৯ হাজার ৯১২ জনকে ইন্টারভিউতে ডাকার কথা। কিন্তু কমিশন ২০ হাজারের বেশি চাকরিপ্রার্থীকে ইন্টারভিউতে ডেকেছে। কেন বেশি সংখ্যক চাকরিপ্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, এই ব্যাপারে কমিশনের ব্যাখ্যা, অনেকেই একই নম্বর পেয়েছে। যারা একই নম্বর পেয়েছে, তাদের প্রত্যেককেই ডাকা হয়েছে। একাদশ–দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।
কমিশনের প্রকাশিত তালিকায় প্রতিটা বিষয়ের লিঙ্গ, ক্যাটেগরি, মাধ্যম ও কতজনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, তার উল্লেখ রয়েছে। কাট অফ মার্কস, সর্বনিম্ন কত নম্বরে একজন প্রার্থী ইন্টারভিউতে ডাক পেয়েছেন, ৬০ নম্বরের পরীক্ষায় কত পেয়েছেন, শিক্ষাগত যোগ্যতায় কত পেয়েছেন, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে কত নম্বর পেয়েছেন, সবকিছুই বিস্তারিতভাবে উল্লেখ করেছে কমিশন। তালিকায় যাদের নাম রয়েছে, তাদের অধিকাংশই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পেয়েছেন। অনেকে আবার ৮ নম্বর পেয়েছেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স–এ লিখেছেন, ‘১৮ নভেম্বর থেকে নথিপত্র যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’