বিদেশি নাগরিকদের বেআইনি ভাবে অবস্থান রোধে শ্রীনগরে হাউসবোট, হোটেল এবং গেস্টহাউস গুলিতে অভিযান শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। রবিবার শ্রীনগর বিমানবন্দরের কাছে একজন চীনা নাগরিককে আটক করার পর এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। বৈধ অনুমতি এবং বিদেশি নিবন্ধন অফিসকে না জানিয়েই বেশ কয়েকজন বিদেশি নাগরিককে এই এলাকায় অবস্থান করতে দেখা গেছে।
অভিবাসন ও বিদেশি আইনের অধীনে বাধ্যতামূলক ফর্ম–সি রিপোর্টিং নিয়ম লঙ্ঘনের জন্য জড়িত হোটেল, হাউসবোট এবং গেস্টহাউসের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, রবিবার শ্রীনগর বিমানবন্দরের কাছে হু কংতাই নামে এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। ২৯ বছর বয়সী এই ব্যক্তি ইতিমধ্যেই লেহ বা শ্রীনগরে অবস্থিত বিদেশি নিবন্ধন অফিসের অনুমতি ছাড়াই লাদাখ ভ্রমণ করেছিলেন।
হু কংতাই ১৯ নভেম্বর দিল্লি পৌঁছন এবং পরের দিন বিমানে লেহ পৌঁছন। এরপর বিদেশি নিবন্ধন অফিসে নাম নথিভূক্ত না করেই ওই চীনা নাগরিক লাদাখে বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন। হু কাশ্মীরে ফিরে আসার আগেই তাঁর সম্পর্কে পুলিশকে সতর্ক করে দেয় নিরাপত্তা সংস্থাগুলি। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায় অনুমোদন ছাড়াই হু কংতাই একটা গেস্টহাউসে ছিলেন। এরপর পুলিশ শ্রীনগর জুড়ে হোটেল এবং হাউসবোটগুলির বিরুদ্ধে অভিযান শুরু করে।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, লাল বাজার এলাকায় একজন ইজরায়েলি নাগরিককে ফর্ম–সি ছাড়াই একটা গেস্টহাউসে থাকতে দেখা গেছে। স্টারোবিনস্কি লিওর এবং আরও কয়েকজন ওই গেস্টহাউসে ছিলেন। ওই বিদেশি নাগরিকরা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছিলেন এবং বাধ্যতামূলক অনলাইন ফর্ম–সি পূরণও করেননি। অভিবাসন ও বিদেশি রেজিস্ট্রেশন অফিসকে নথিভূক্তের বিষয় সম্পর্কে তথ্য না জানিয়ে তাইওয়ান, রাশিয়া, রোমানিয়া এবং স্পেনের পর্যটকদের আতিথেয়তা দিয়েছিলেন ডাল লেকের বেশ কয়েকজন হাউসবোট মালিক। তাঁদের বিরুদ্ধে অভিবাসন ও বিদেশি আইন লঙ্ঘনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজবাগ এলাকায় তিনটি হোটেল বিদেশি রেজিস্ট্রেশন অফিসে ফর্ম–সি জমা না দিয়েই বিদেশি নাগরিকদের থাকার অনুমতি দিয়েছে। খানিয়ার এলাকায় একটা হোটেলও অভিবাসন ও বিদেশি আইন লঙ্ঘন করছে বলে জানা গেছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও হোটেল কর্তৃপক্ষ ফর্ম–সি জমা দেওয়ার কোনও প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। ওই হোটেলের বিরুদ্ধে খানিয়ার থানায় আইনের প্রাসঙ্গিক ধারায় এফআইআর (নং ৫৭/২০২৫) নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘শ্রীনগর পুলিশ আবার ঘোষণা করেছে, সব হোটেল, গেস্ট হাউস, হাউসবোট এবং হোমস্টে মালিকদের বিদেশি নাগরিকদের আতিথেয়তা দেওয়ার সময় ফর্ম–সি জমা দেওয়ার নিয়মগুলি কঠোরভাবে মেনে চলতে হবে। এই নিয়ম লঙ্ঘন করা গুরুতর অপরাধ। কোনও মালিক যদি লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’