২০০৮ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কনস্যুলার অ্যাক্সেস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির শর্ত অনুসারে ভারত ও পাকিস্তান বরাবরই একযোগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বেসামরিক বন্দী এবং জেলেদের বিনিময় করে এসেছে। বৃহস্পতিবার নতুন বছরে দুই দেশ নিজেদের হেফজতে থাকা বন্দীদের তালিকা শেয়ার করেছে। তালিকা অনুযায়ী সাজা পূর্ণ হওয়া সত্ত্বেও ১৬৭ জন ভারতীয় এখনও পাকিস্তানের জেলে বন্দী।
প্রতিবছর জুলাই ও জানুয়ারি মাসে দিল্লি এবং ইসলামাবাদ নিজেদের হেফাজতে থাকা বন্দীদের তালিকা শেয়ার করে। ২০২৫ সালের জুলাইয়ে এই তালিকা শেয়ার করা হয়েছিল। আজ আবার সেই তালিকা শেয়ার করা হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত তাদের হেফাজতে থাকা ৩৯১ জন বেসামরিক বন্দী এবং ৩৩ জন জেলে, যারা পাকিস্তানি অথবা পাকিস্তানি বলে মনে করা হয়, তাদের তালিকা শেয়ার করেছে। একইভাবে, পাকিস্তান তাদের হেফাজতে থাকা ৫৮ জন বেসামরিক বন্দী এবং ১৯৯ জন জেলে, যারা ভারতীয় অথবা ভারতীয় বলে মনে করা হয়, তাদের তালিকা শেয়ার করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারত সরকার পাকিস্তানের হেফাজত থেকে বেসামরিক বন্দী, জেলে ও তাদের নৌকাসহ এবং নিখোঁজ ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছে। পাকিস্তানকে তাদের সাজা শেষ করা ১৬৭ জন ভারতীয় জেলে এবং বেসামরিক বন্দীর মুক্তি এবং প্রত্যাবাসন ত্বরান্বিত করার জন্যও আহ্বান জানানো হয়েছে।’
এছাড়াও, পাকিস্তানকে তাদের হেফাজতে থাকা ৩৫ জন বেসামরিক বন্দী এবং জেলেদের অবিলম্বে কনস্যুলার অ্যাক্সেস প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে, যারা ভারতীয় বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তাদের কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকার পাকিস্তান সরকারকে অনুরোধ করেছে যে, তারা যেন সমস্ত ভারতীয় এবং ভারতীয় বলে মনে করা হয় এমন বেসামরিক বন্দী এবং জেলেদের মুক্তি এবং ভারতে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের যেন নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হয়।’
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকারের নিরন্তর প্রচেষ্টায় ২০১৪ সাল থেকে পাকিস্তান থেকে ২৬৬১ জন ভারতীয় জেলে এবং ৭১ জন বেসামরিক বন্দীকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৫০০ জন ভারতীয় জেলে এবং ১৩ জন বেসামরিক বন্দী রয়েছেন, যাদের ২০২৩ সালের পর দেশে ফেরানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১ জুলাই ভারত ও পাকিস্তান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা বেসামরিক বন্দী এবং জেলেদের তালিকা বিনিময় করে। ২০০৮ সালের দ্বিপাক্ষিক কনস্যুলার অ্যাক্সেস চুক্তির বিধান অনুসারে, প্রতি বছর ১ জানুয়ারি এবং জুলাই এই ধরনের তালিকা বিনিময় করা হয়।