অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ জনকে জামিন দিল বাংলাদেশের আদালত, দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলাদেশি তকমা সাঁটিয়ে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, তাঁর ৮ বছরের ছেলেসহ আরও পাঁচজনকে। চাঁপাই নবাবগঞ্জ থানার পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে। এতদিন তাঁরা বাংলাদেশ জেলে বন্দি ছিলেন। সোমবার সোনালি খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছে চাঁপাই নবাবগঞ্জের আদালত।
দেশের শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে সোনালিদের দ্রুত দেশে ফেরাতে হবে।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ০১, ২০২৫
Share on:
চলতি বছর ২৬ জুন বাংলাদেশি তকমা সাঁটিয়ে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছিল বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, তাঁর ৮ বছরের ছেলেসহ আরও পাঁচজনকে। চাঁপাই নবাবগঞ্জ থানার পুলিশ তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে। অনুপ্রবেশের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করে বাংলাদেশ পুলিশ। এতদিন তাঁরা বাংলাদেশ জেলে বন্দি ছিলেন। সোমবার সোনালি খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছে চাঁপাই নবাবগঞ্জের আদালত। এদিন সন্ধেতেই তাঁরা জেল থেকে ছাড়া পান। আর এদিনই সোনালি খাতুন ও তাঁর ৮ বছরের ছেলেকে দেশে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সোনালিদের বাংলাদেশে পুশব্যাক করা নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন সোনালির বাবা ভাদু শেখ। ২৬ সেপ্টেম্বর সোনালিসহ ৬ জনকেই ৪ সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। শুনানির সময় সোনালির যাবতীয় নথিপত্র পরীক্ষা করে তাঁকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল, সোনালিদের বক্তব্য না শুনেই তাঁদের পুশব্যাক করা হয়েছে।
সোমবার এই মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতির জয়মাল্য বাগচীর বেঞ্চ সোনালিদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ নির্দেশে জানিয়েছে, মানবিকতার খাতিরে সোনালিদের ভারতে ফেরার অনুমতি দিতে হবে। পাশাপাশি সোনালিদের ওপর নজরদারি রাখার এবং হাসপাতালে ভর্তি করার পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ। যদিও সোনালিদের কবে দেশে ফেরানো হবে, সে ব্যাপারে আদালতকে কিছু জানাননি সলিসিটের জেনারেল।
সোমবার বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ আদালত সোনালিদের জামিন দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃতভাবে সোনালিরা বাংলাদেশে অনুপ্রবেশ করেনি। ওদের জোর করে পুশব্যাক করা হয়েছে। সুতরাং ওরা নির্দোষ। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের হাতে সোনালি ও তাঁর ৮ বছরের ছেলেসহ বাকি ৫ জনকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। ভারত মানবিকতার খাতিরে তাঁদের দ্রুত ফেরাবে কিনা বিষয়টা এখনও পরিষ্কার নয়। যদিও দেশের শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে সোনালিদের দ্রুত দেশে ফেরাতে হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.