৯০ রানের মধ্যে সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। সামনে ফলোঅনের হাতছানি। সেই মুহূর্তে জ্বলে উঠলেন সোনাল দিনুশা ও নিরোশান ডিকওয়েলা। এই জুটির সৌজন্যে ফলোঅন বাঁচালেও ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের ভ্রুকূটি শ্রীলঙ্কার সামনে। ভারতের ৪৬২ রানের জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ২৮৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ভারত এগিয়ে ১৭৮ রানে। বৃষ্টির জন্য তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়।
আগের দিনের ৪৬০/৯ রান হাতে নয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। এদিন মাত্র ২ রান যোগ করে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ব্যাট করতে নেমে শুরুতেই বেসামাল হয়ে পড়ে শ্রীলঙ্কা। ভারতের বিশাল রানের জবাব দেওয়ার জন্য ভাল শুরুর দরকার ছিল শ্রীলঙ্কার। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার ইনিংসে আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। তাঁর বাইরের দিকে সুইং করা ডেলিভারি বুঝতে না পেরে প্রথম স্লিপে দেবদত্ত পাড়িক্কলের হাতে ক্যাচ দিয়ে আউট হন নিশান ফার্নান্দো (০)। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। যার সুযোগ নেয় ভারতীয় স্পিনাররা। বাঁহাতি স্পিনার মানব সুতারের নেতৃত্বে ভারতীয় বোলাররা নিখুঁত বোলিং করে শ্রীলঙ্কার টপ অর্ডারকে গুঁড়িয়ে দেয়।
মানব সুতার চমৎকার ফ্লাইট, ডিপ এবং টার্ন দিয়ে শ্রীলঙ্কার ব্যাটারদের সমস্যায় ফেলেন। নিজের প্রথম বলেই তুলে নেন অভিজ্ঞ দীনেশ চন্ডিমালকে (৪)। এরপর শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লাহিরু উদারা (২৭) এবং কামিন্দু মেন্ডিসক (১৪)। শেষ পর্যন্ত মানব সুতারের স্পিনের পরাস্ত হয়ে গালিতে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হন উদারা। কুলদীপ যাদবের বলে শুভমানের হাতে ক্যাচ দেন মেন্ডিস। এরপর শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে (২১) তুলে নেন রবীন্দ্র জাদেজা। স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ধনঞ্জয়।
আরও পড়ুনঃ সাডেন ডেথে পাপের প্রায়াশ্চিত্য, মোহনবাগানকে ডুরান্ড কাপের সেমিফাইনালে তুলল কাইথের ‘বিশাল’ হাত
একের পর এ উইকেট হারানোর পর সোনাল দিনুশা এবং নিরোশান ডিকওয়েলা শ্রীলঙ্কার ইনিংসকে টেনে নিয়ে যান। ষষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটার। একসময় ৯০ রানে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। চা বিরতির পর নিরোশান ডিকওয়েলাকে তুলে নিয়ে জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বলে উইকেটের পেছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডিকওয়েলা। ১১৫ বলে সাতটি চারের সাহায্যে ৮০ রান করেন তিনি। সোনালের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে ডিকওয়েলা।
ডিকওয়েলা ও সোনালের জুটি ভাঙার পর ভারত আবার ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। রবীন্দ্র জাদেজা ফেরান কেশর নুওয়ান্থাকে (২)। এরপর মানব সুতার ফেরান প্রভাত জয়সূর্য (১০) ও লাহিরু কুমারাকে (১০)। একপ্রান্তে উইকেট পড়লেও সেঞ্চুরি পূর্ণ করেন সোনাল দিনুশা। ১৬৭ বলে তাঁর সেঞ্চুরি আসে। এটাই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরপরই জাদেজার বলে আউট হন সোনাল। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬৮ বলে ১০০ রান করেন তিনি। লাহিরু কুমারাকে তুলে নিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন মানব সুতার। মানব সুতার ৭৬ রানে ৪টি, জাদেজা ৫৭ রানে ৩টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব ১টি করে উইকেট পেয়েছেন।