ফেডারেশনের সঙ্গে চুক্তি নিয়ে টানাপোড়েন, আপাতত স্থগিত রাখা হল আইএসএল, বিপাকে ক্লাবগুলি
আপাতত আইএসএল বন্ধ রাখার কথা জানিয়ে দিল আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। শুক্রবার সব ক্লাবকেই চিঠি দিয়ে আপাতত আইএসএল স্থগিত রাখার কথা জানানো হয়েছে।
আইএলএলের ভবিষ্যত নিয়ে উঠে গেল প্রশ্ন।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১২, ২০২৫
Share on:
কয়েকমাস ধরেই জল্পনা চলছিল। এবছর আদৌও কি হবে আইএসএল? অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়ে দাঁড়াল। আপাতত আইএসএল বন্ধ রাখার কথা জানিয়ে দিল আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। শুক্রবার সব ক্লাবকেই চিঠি দিয়ে আপাতত আইএসএল স্থগিত রাখার কথা জানানো হয়েছে।
২০১০ সালের ডিসেম্বরে এফএসডিএলের সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের। সেই চুক্তিতে আইএসএল আয়োজন, ফুটবলের বাণিজ্যকরণ, সব সত্বই এফএসডিএলের হাতে তুলে দিয়েছিল ফেডারেশন। এবছর ৮ ডিসেম্বর সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। কয়েকমাস আগে থেকেই নতুন চুক্তি নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে বারবার বৈঠকে বসেছে এফএসডিএল কর্তারা। কোনও সমাধনসূত্র বেরিয়ে আসেনি। নতুন করে এখনও চুক্তি না হওয়ায় এফএসডিএল আপাতত আইএসএল আয়োজন করতে রাজি নয়।
৮ ডিসেম্বর ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি শেষ হচ্ছে। সেপ্টেম্বরে যদি আইএসএল শুরু হত, তাহলে ৮ ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব নয়। ক্লাবগুলিকে দেওয়া চিঠিতে এফএসডিএল লিখেছে, ‘ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি নিয়ে টালমাটাল চলছে। এই পরিস্থিতিতে এবছর আইএসএল শুরু করা সম্ভব হচ্ছে না। যতদিন পর্যন্ত নতুন চুক্তি না হচ্ছে, ততদিন আইএসএল স্থগিত রাখা হচ্ছে।’ আইএসএল স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে ক্লাবগুলি। কারণ, ইতিমধ্যেই অনেক ক্লাব ফুটবলারদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে। আইএসএল না হলে ফুটবলারদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে যাবে।
মার্চ মাস থেকেই নতুন চুক্তি নিয়ে জলঘোলা চলছে। ৫ মার্চ ফেডারেশনকে এফএসডিএল যে নতুন প্রস্তাব পাঠিয়েছিল, সেই প্রস্তাবে বলা হয়েছিল ৬০ শতাংশ অংশীদারিত্ব ক্লাবগুলির হাতে থাকবে। বাকি ৪০ শতাংশের মধ্যে ২৬ শতাংশ থাকবে এফএসডিএল ও ১৪ শতাংশ থাকবে ফুটবল ফেডারেশনের হাতে। ফেডারেশন এই প্রস্তাবে রাজি হয়নি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.