আবার অশান্ত মধ্যপ্রাচ্য। তৈরি হল নতুন করে যুদ্ধের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ বন্দরে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলায় ৩ জন ভারতীয় আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে। আমিরশাহির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার জবাব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এই ধরণের হামলার ঘটনা ঘটল।
সংযুক্ত আরব আমিরাশাহির ফুজাইরাহে পেট্রোলিয়াম শিল্প এলাকায় ইরান এই ড্রোন হামলা চালায়। ইরানের নিক্ষেপ করা ক্ষেপনাস্ত্রের আঘাতে এলাকায় আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এই ড্রোন হামলায় তিনজন ভারতীয় নাগরিকও আহত হয়েছেন। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
ফুজাইরাহ হল একটা পাইপলাইনের শেষ প্রান্ত। ইরান–ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেল সরবরাহ না করে এই পাইপলাইনের মাধ্যমে তেল পাঠাত সংযুক্ত আরব আমিরশাহি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংযুক্ত আরব আমিরাশাহিতে এই প্রথম তিনটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানল।
সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখীন হচ্ছে। জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো সংযুক্ত আরব আমিরাশাহির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার কারণে হচ্ছে।’
ফুজাইরার মিডিয়া অফিস জানিয়েছে, ইরান থেকে ড্রোন হামলার জেরে আমিরাশাহির একটা পেট্রোলিয়াম শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছুক্ষণ আগে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরের পর এই ঘটনাটি ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে তিনটি প্রতিহত করা হয়েছে এবং একটা সমুদ্রে পড়েছে।
সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই ধরনের প্রথম সতর্কবার্তা জারির প্রায় দুই ঘণ্টা পর এই সতর্কবার্তা আসে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও শারজাহগামী বেশকিছু ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে। অসংখ্য ফ্লাইট অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।