সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ সেবা সমিতির সহ–সভাপতি শ্রী পরশুরাম বিষোয়ী, সচিব শ্রী প্রমোদ কুমার জেনা, উৎকলার সচিব শ্রী সরোজ মল্লিকপ্রমুখ।
প্রতিবছরের মতো এবারও রথযাত্রা এবং ওডিশা ফেস্টিভ্যাল ২০২৬ আয়োজন করছে খিদিরপুরের ‘শ্রী জগন্নাথ সেবা সমিতি’–র সাংস্কৃতিক শাখা ‘উৎকলা’। ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এই রথযাত্রা ও ওডিশা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী এই উৎসব ভক্ত, শিল্পী ও দর্শনার্থীদের একি ছাতার তলায় নিয়ে আসবে, যাতে তাঁরা ওডিশার সমৃদ্ধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা লাভ করতে পারেন।
এই ওডিশা ফেস্টিভালের কথা ঘোষণা করে খিদিরপুরের ‘শ্রী জগন্নাথ সেবা সমিতি’র সভাপতি শ্রী চন্দ্রশেখর পানিগ্রাহী বলেন, ‘রথযাত্রা হল এমন একটা ধর্মীয় উৎসব, যা বিভিন্ন পটভূমির ভক্তদের একত্রিত করে। ওডিশা ফেস্টিভ্যাল হল ওডিশার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক মূল্যবোধের এক উদযাপন। উৎকলা–র মাধ্যমে আমরা সর্বদা এই ঐতিহ্যগুলোকে সংরক্ষণ ও প্রচারের পাশাপাশি ভক্তি ও সম্প্রীতির বন্ধনে মানুষকে একত্রিত করার প্রচেষ্টা চালিয়েছি।’
১৬ জুলাই খিদিরপুরের শ্রী জগন্নাথ মন্দির থেকে ভবানীপুরের নর্দার্ন পার্ক পর্যন্ত আয়োজিত জমকালো রথযাত্রা শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। সেখানে ২৪ জুলাই পর্যন্ত দেব–দেবীরা অবস্থান করবেন। ২৪ জুলাই দেব–দেবীকে বহনকারী রথ নর্দার্ন পার্ক থেকে বাহুড়া যাত্রা শুরু করবে এবং খিদিরপুরের শ্রী জগন্নাথ মন্দিরের অভিমুখে অগ্রসর হবে। পরদিন মন্দিরে ‘সোনা বেশ’ অনুষ্ঠিত হবে।
রথযাত্রা শোভাযাত্রায় বিএমডব্লিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শ্রী রাম গোপাল বনসলের পরিচালনায় ঐতিহ্যবাহী ‘ছেঁরা পহরা’ অনুষ্ঠান আয়োজিত হবে। পাশাপাশি থাকবে ভক্তিমূলক কীর্তন এবং ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সহায়তায় ঐতিহ্যবাহী ঘণ্টা ও শঙ্খ বাদন পরিবেশনা।
ওডিশা ফেস্টিভ্যাল শুরু হবে ১৭ জুলাই। এবং নর্দার্ন পার্কে দেব–দেবীদের অবস্থানকাল জুড়ে তা চলতে থাকবে। ওডিশার প্রাণবন্ত শিল্প ও ঐতিহ্যকে তুলে ধরে এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, ভক্তিগীতি, শাস্ত্রীয় নৃত্য, লোকজ ঐতিহ্য, নাটক এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। দর্শনার্থীরা ঐতিহ্যবাহী ওড়িয়া খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি সম্বলপুরি ও কটকী তাঁতবস্ত্র এবং ওডিশার হস্তশিল্পের প্রদর্শনী ঘুরে দেখার সুযোগও পাবেন।
ওডিশা ফেস্টিভাল প্রসঙ্গে ‘উৎকলা’র সভাপতি শ্রী গুরু প্রসাদ পট্টনায়েক বলেন, ‘কলকাতার মানুষের কাছে ওডিশার সমৃদ্ধ সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও শৈল্পিক ঐতিহ্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি বছর রথযাত্রা উপলক্ষে ‘ওডিশা ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হয়। সঙ্গীত, নৃত্য, নাটক, ঐতিহ্যবাহী খাবার এবং হস্তশিল্পের মাধ্যমে আমরা ভগবান জগন্নাথের সঙ্গে জড়িত চিরায়ত ঐতিহ্য ও ভক্তিভাবকে উদযাপন করতে চাই।’
অনুষ্ঠানে শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক পিকে মিশ্রকে ‘উৎকলা সম্মান ২০২৬’ প্রদান করা হবে। এছাড়া এই উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই ভক্তিগীতি ও শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা, ১৯ জুলাই জনপ্রিয় ‘খিরি পিঠা’ প্রতিযোগিতা এবং ২৩শ জুলাই ২০২৬ তারিখে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ সেবা সমিতির সহ–সভাপতি শ্রী পরশুরাম বিষোয়ী, সচিব শ্রী প্রমোদ কুমার জেনা, উৎকলার সচিব শ্রী সরোজ মল্লিক।