সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বড় চমক। ভারতের ১৬ বছর বয়সী তানভি শর্মা হারিয়ে দিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে। জাপানের এই তারকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের উঠতি প্রতিভা তানভি শর্মা। পুরুষদের সিঙ্গলসে অঘটন ঘটিয়েছেন মনরাজ সিংও। ১৯ বছর বয়সী এই ভারতীয় তারকা হারিয়েছেন স্বদেশীয় এইচএস প্রণয়কে।
জুনিয়র চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী তানভি শর্মা সকলের নজর কেড়ে নেন। চলতি মরশুমে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছেন। ১৬ বছর বয়সী এই উদীয়মান তারকা ৫৯ মিনিটের রোমাঞ্চকর ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে হারান ১৩–২১, ২১–১৬, ২১–১৯ গেমে। এটাই তাঁর জীবনের সেরা পারফরমেন্স। প্রথম গেমে ১৩–২১ ব্যবধানে হেরে গেলেও দারুণভাবে ম্যাচে ফিরে আসেন তানভি। পরপর দুটি গেমে ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ীকে হারিয়ে শেষ আটের ছাড়পত্র জোগাড় করে নেন। চাপের মধ্যে শান্ত থেকে দুরন্ত খেলা উপহার দেন। প্রথম রাউন্ডে, তানভি আর এক উদীয়মান তারকা অস্মিতা চালিহা ২১-১৫, ২১-১৯ গেমে হারিয়েছিলেন।
আরও পড়ুনঃ ‘বাবাকে নির্জন মৃত্যু সেলে রাখা হয়েছে’, বেঁচে থাকার প্রমাণ চাইলেন ইমরান খানের ছেলে কাসিম
জুনিয়রদের প্রাক্তন বিশ্বসেরা তানভি শর্মা এবছর বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করেছেন। প্রথম ভারতীয় শাটলার হিসেবে এক সংস্করণে একাধিক পদক জিতেছেন। মেয়েদের সিঙ্গলসে রুপো, মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবছর ইউএস ওপেন সুপার ৩০০–তে রানার্স হয়ে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে ওঠা সর্বকনিষ্ঠ ভারতীয় ছিলেন তানভি। তার নির্ভীক, আক্রমণাত্মক স্টাইল এবং সংযম ভারতীয় ব্যাডমিন্টন আইকনদের সঙ্গে তুলনা করা হয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক তাই–সাং–এর অধীনে প্রশিক্ষণ নিচ্ছে তানভি।
এদিকে, ১৯ বছর বয়সী মনরাজ সিং আরেকটা অঘটন ঘটিয়েছেন। মাত্র ৪৩ মিনিটের লড়াইয়ে মধ্যে ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী এইচএস প্রণয়কে ২১–১৫, ২১–১৮ ব্যবধানে পরাজিত করেছেন। তাঁর দুর্দান্ত জয় পুরুষদের সিঙ্গলসে চমক সৃষ্টি করেছে। বিশ্বের প্রাক্তন ১ নম্বর কিদাম্বি শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালে খেলবেন প্রিয়াংশু রাজাওয়াতের সঙ্গে। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন তৃষা জলি–গায়ত্রী গোপীচাঁদ জুটি মহিলা ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছে।