এশিয়ান গেমস হকিতে দুর্দান্ত শুরু ভারতের। পুরুষ ও মহিলা দলের ৩২ গোল। একদিকে যেমন, পুরুষদের দল সোনা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করল। তেমনই শুরু মহিলা দলের। তবে পুরুষ দলকে ছাপিয়ে গেল মহিলা দল। পুরুষদের পুল ‘এ’-এর উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছেন হরমনপ্রীত সিংরা। ভারতের হয়ে একাই ৪ গোল করেছেন দিলপ্রীত সিং। অন্যদিকে, মহিলাদের হকিতে উজবেকিস্তানেক বিরুদ্ধে ১৯-০ ব্যবধানে বিশাল জয়। দীপিকা শেহরাওয়াতের ঝড়ে বিধ্বস্ত উজবেকিস্তান। ৮ গোল করে রেকর্ড গড়লেন দীপিকা।
পুরুষদের হকিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে শুরু করে ভারত। ৬ মিনিটে হরমনপ্রীত সিংয়ের ড্র্যাগ ফ্লিক ইন্দোনেশীয় গোলকিপার আলম ফাজার বাঁচিয়ে দিলেও রিবাউন্ড থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন শীলানন্দ লাকরা। ১২ মিনিটে অভিষেক ২-০ করেন। প্রথম কোয়ার্টারে ভারত ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আরও বেশি দাপট ছিল ভারতের। দিলপ্রীত সিং ১৮ ও ১৯ মিনিটে পরপর দুটি গোল করেন। ২০ মিনিটে ৫-০ করেন রাজিন্দর সিং। পরের মিনিটেই মনদীপ সিংয়ের গোলে ৬-০। ২৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক পেয়েছিল ভারত। হরমনপ্রীতের শট আটকে দেন ইন্দোনেশিয়া গোলকিপার ফজর। পরের মিনিটেই অবশ্য থেকে ৭-০ করেন হরমনপ্রীত।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে ইন্দোনেশিয়া। ৩৩ মিনিটে অধিনায়ক আউলিয়া আল আদি পেনাল্টি কর্নার থেকে ৭-১ করেন। ভিডিও পর্যালোচনার পর সিদ্ধান্তটি ইন্দোনেশিয়ার পক্ষে যায়। পরের মিনিটেই আবার ব্যবধান বাড়ায় ভারত। শীলানন্দ লাকরা নিজের দ্বিতীয় গোল করেন। ২ মিনিট পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন দিলপ্রীত। ৩৮ মিনিটে ১০-১ করেন সুখজিৎ সিং। শেষ কোয়ার্টারে আরও ৩ গোল করে ভারত। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং। পরের মিনিটেই সুখজিৎ সিং ভারতের লিড বাড়িয়ে ১২-১ করেন। ৪৯ মিনিটে দিলপ্রীত সিং নিজের চতুর্থ গোলটি করেন এবং ভারতকে ১৩-১ ব্যবধানে এগিয়ে দেয়। ম্যাচের বাকি সময় ইন্দোনেশিয়া বলের দখল ধরে রেখে ব্যবধান বাড়তে দেয়নি।
এদিকে মহিলাদের হকিতেও দুর্দান্ত শুরু করল ভারত। উজবেকিস্তানকে উড়িয়ে দিল ১৯-০ ব্যবধানে। ৮ গোল করে রেকর্ড গড়লেন দীপিকা। ম্যাচের ৮, ২২, ২৫, ৩৩, ৩৬, ৩৮, ৪১ এবং ৫৪ মিনিটে নিজের গোলগুলি করেন। দীপিকা শেহরাওয়াত ছাড়াও হ্যাটট্রিক করেছেন ঈশিকা। তাঁর গোলগুলি আসে ১১, ৪২ এবং ৫৪ মিনিটে। নভনীত কাউর ২৩ ও ৪৫ মিনিটে এবং লাথানতুয়াঙ্গি ৪২ ও ৫১ মিনিটে দুটি করে গোল করেন। লালরেমসিয়ামি, বলজিৎ কৌর, নেহা গোয়েল এবং সাক্ষী রানা ১টি করে গোল করেন। ভারতীয় মহিলা হকি দলের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড আছে ২৪টি। ২০১৬ সালের সাফ গেমসে নেপালের বিরুদ্ধে জিতেছিল। এশিয়ান গেমসের এক ম্যাচে সর্বোচ্চ গোল রয়েছে ২২টি, ১৯৮২ সালে হংকংয়ের বিপক্ষে।