পুর্বাঞ্চলীয় জুনিয়র হকিতে ছেলে ও মেয়েদের বিভাগে দুর্দান্ত জয় তুলে নিল বাংলা
পূর্বাঞ্চল জুনিয়র হকিতে ছেলে ও মেয়েদের বিভাগে জয় বাংলার। ছেলেদের বিভাগে হারিয়েছে আসামকে। মেয়েরা হারিয়েছে মণিপুরকে।
মেয়েদের বাংলা ও মণিপুর ম্যাচের মুহূর্ত
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪
Share on:
হকিতে কি সুদিন ফিরে আসবে বাংলার? সেটা সময়ই বলবে। তবে ছেলে ও মেয়েদের জুনিয়র হকিতে পুর্বাঞ্চলীয় চ্যাম্পিয়নশিপে খুব একটা খারাপ জায়গায় নেই বাংলা। ৩ ম্যাচ শেষে দুই বিভাগেই তৃতীয় স্থানে রয়েছে। বুধবার মেয়েরা ৮–৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মণিপুরকে। ছেলেদের দল ৫–১ ব্যবধানে হারিয়েছে আসামকে। এদিন বিধাননগর সাই কেন্দ্রে বাংলার খেলোয়াড়দের উৎসাহ দিতে হাজির ছিলেন হকি বাংলার সভাপতি স্বপন ব্যানার্জি।
বুধবার দু’বেলা মিলিয়ে মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে মেয়েদের তৃতীয় ম্যাচে মণিপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। প্রথম কোয়ার্টারে ২–০ ব্যবধানে এগিয়েছিল। বিরতিতে বাংলার পক্ষে ফল ছিল ৪–১। তৃতীয় কোয়ার্টারে আরও ২টি গোল করলেও ১ গোল হজম করতে হয় বাংলাকে। শেষ কোয়ার্টারেও ২ গোল করে বাংলা। ৩ ম্যাচে বাংলার পয়েন্ট ৬। দুটিতে জয়, একটিতে হার। ৯ পয়েন্ট পেয়ে শীর্ষে ওড়িশা। এদিন ওড়িশা ১১–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিহারকে। ঝাড়খণ্ড ১৩–০ ব্যবধানে হারিয়েছে আসামকে। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড।
ছেলেদের ম্যাচে বাংলা ৫–১ ব্যবধানে হারিয়েছে আসামকে। প্রথমার্ধে ৩–০ ব্যবধানে এগিয়েছিল বাংলা। তৃতীয় কোয়ার্টারে আরও ২টি গোল করে। শেষ কোয়ার্টারে ব্যবধান কমায় আসাম। বাংলার হয়ে তিনটি গোল করেন করণ সাউ। বাকি দুটি গোল করেন প্রিন্স গ্যাব্রিয়াল ও বিষ্ণু পাসোয়ান। ৩ ম্যাচে বাংলার পয়েন্ট ৬। ওড়িশা ৭–০ ব্যবধানে হারিয়েছে মণিপুরকে। ঝাড়খণ্ড ৯–০ ব্যবধানে হারিয়েছে আসামকে। ৯ পয়েন্টে শীর্ষে ওড়িশা, দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.