হকি প্রো লিগে দারুণ প্রত্যাবর্তন ভারতীয় পুরুষ দলের, ইংল্যান্ডের কাছে সাডেন ডেথে হার মহিলাদের
স্পেনের কাছে হার দিয়ে হকি প্রো লিগ অভিযান শুরু করেছিল ভারতীয় পুরুষ দল। ফিরতি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন। ২–০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। অন্যদিকে, মহিলা দল প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে সাডেন ডেথে ২–১ ব্যবধানে হেরেছে।
স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতীয় পুরুষ দলের। জয়ের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Share on:
স্পেনের কাছে হার দিয়ে হকি প্রো লিগ অভিযান শুরু করেছিল ভারতীয় পুরুষ দল। ফিরতি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন। ২–০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। অন্যদিকে, মহিলা দল প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে সাডেন ডেথে ২–১ ব্যবধানে হেরেছে।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে আগের ম্যাচের ভুল–ত্রুটি শুধরে মাঠে নেমেছিল ভারতীয় দল। শুরু থেকেই বলের ওপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচের ওপর আধিপত্য বিস্তার করে। প্রথম দুই কোয়ার্টারে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোল করতে পারেনি। ৫ মিনিটের মাথায় মনদীপ সিংয়ের সামনে সুবর্ণ সুযোগ এসেছিল। স্পেনের গোলকিপার রাফায়েল রেভিলা দুর্দান্ত সেভ করেন। প্রথম কোয়ার্টারের শেষদিকে পরপর দুটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি ভারত।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৩২ মিনিটের মাথায় আবার পেনাল্টি কর্নার পায় ভারত। জুগরাজের শট আবার আটকে দেন স্পেনের গোলকিপার। এরপর দিলপ্রীতের কাছ থেকে বল পয়ে গোলে পাঠান মনদীপ। ৭ মিনিট পর ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন দিলপ্রীত সিং। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি স্পেন। ভারতের সামনেও সুযোগ এসেছিল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। প্রথম ম্যাচে এই স্পেনের কাছেই ৩–১ ব্যবধানে হেরেছিল ভারত।
অন্যদিকে, কলিঙ্গ স্টেডিয়ামেই মহিলাদের প্রো লিগে ইংল্যান্ডের কাছে সাডেন ডেথে হারতে হল ভারতকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২–২। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন পেইজ গিলট। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান নভনীত কাউর। ৫৬ মিনিটে আবার ইংল্যান্ডকে এগিয়ে দেন টেসা হাওয়ার্ড। পরের মিনিটেই সমতা ফেরান রুতুজা দাদোসা পিসাল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ২–২ ছিল। পেনাল্টি শুটআউটেও ম্যাচের মীমাংসা হয়নি। শুটআউটে ভারতের হয়ে গোল করেন নভনীত কাউর। অধিনায়ক সালিমা টেটে, সুনেলিতা টোপ্পো এবং লালরেমসিয়ামি ব্যর্থ হন। ইংল্যান্ডের হয়ে গোল করেন লিলি ওয়াকার। সাডেন ডেথে গোল করে ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে জেতান অধিনায়ক সোফি হ্যামিল্টন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.