শেষ মুহূর্তে পেনাল্টি নষ্ট করে প্রো হকি লিগে আর্জেন্টিনার কাছে হার ভারতের
শেষ মুহূর্তে চূড়ান্ত নাটক। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে ব্যর্থ জুগরাজ সিং। প্রো লিগ হকিতে আর্জেন্টিনার কাছে ২–১ ব্যবধানে হারতে হল ভারতকে। ইউরোপীয় পর্বে এই নিয়ে টানা চতুর্থ পরাজয়ের সম্মুখীন হতে হল ভারতীয় দলকে।
শেষ মুহূর্তে পেনাল্টি নষ্ট জুগরাজ সিংয়ের। হার ভারতের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৩, ২০২৫
Share on:
শেষ মুহূর্তে চূড়ান্ত নাটক। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে ব্যর্থ জুগরাজ সিং। প্রো লিগ হকিতে আর্জেন্টিনার কাছে ২–১ ব্যবধানে হারতে হল ভারতকে। ইউরোপীয় পর্বে এই নিয়ে টানা চতুর্থ পরাজয়ের সম্মুখীন হতে হল ভারতীয় দলকে।
ভারতের বিরুদ্ধে এদিন দাপট নিয়েই শুরু করেছিল আর্জেন্টিনা। বলের দখল রেখে প্রথম থেকেই ভারতীয় রক্ষণে চাপ তৈরি করছিল। কিন্তু ভারত দ্রুত পাস খেলে প্রতি–আক্রমণ হানার চেষ্টা করছিল। এইরকম প্রতি–আক্রমণ থেকে ম্যাচের ৪ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুগরাজ সিং।
যদিও ভারত অবশ্য এই অগ্রগমন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত করে দেয় আর্জেন্টিনা। দ্রুত একটা পেনাল্টি কর্নারও তুলে নেয়। কিন্তু ভারতীয় গোলরক্ষক কৃষ্ণ বাহাদুর পাঠকের দৃঢ়তায় গোল পায়নি। ৭ মিনিটে আরও একটা পেনাল্টি কর্নার পায় আর্জেন্টিনা। এবারও বাধা হয়ে দাঁড়ান কৃষ্ণ বাহাদুর পাঠক। যদিও ৯ মিনিটের মাথায় তাঁর আর শেষরক্ষা করতে পারেননি। পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান ডোমেন। প্রথম কোয়ার্টার ১–১ ভাবে শেষ হয়।
দ্বিতীয় কোয়ার্টারে ভারত পাল্টা আক্রমণ শুরু করে এবং দ্রুত পাস খেলে আক্রমণে উঠে আসে। আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিয়াগো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেভ করেন। আর্জেন্টিনাও বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারেও ফলের কোনও পরিবর্তন হয়নি। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভারতের রক্ষণভাগের উপর অবিরত চাপ তৈরি করে। ৪৯ মিনিটে ডোমেন পেনাল্টি কর্নার থেকে আর্জেন্টিনাকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন।
সমতা ফেরানোর জন্য ভারত মরিয়া হয়ে ওঠে। ভারতের সামনে সেরা সুযোগ আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। পেনাল্টি স্ট্রোক পায় ভারত। জুগরাজ প্রথমে স্ট্রোক থেকে গোল করেন। আর্জেন্টিনা ভিডিও রেফারেল নেয়। কারণ জুগরাজ স্ট্রোক নেওয়ার সময় তাঁর বাঁ পা বল থেকে অনেক এগিয়ে ছিল। ভিডিও আম্পায়ার আর্জেন্টিনার পক্ষে রায় দেন। জুগরাজ পুনরায় স্ট্রোক নেন। কিন্তু এবার সান্তিয়াগো তাঁর শটটি সেভ করেন। এই পরাজয়ের ফলে ভারত ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। ভারতের পরের ম্যাচ ১৪ জুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.