বিশ্বমঞ্চে মহিলা ক্রীড়াবিদদের দাপট অব্যাহত, টানা দ্বিতীয়বার কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
বিশ্বমঞ্চে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের দাপট অব্যাহত। চলতি মাসেই মহিলাদের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপেও শিরোপা দখল করেছে ভারতীয় প্রমীলা বাহিনী। আর ঠিক তার ২৪ ঘণ্টা পরেই বিশ্বমঞ্চে আবার ভারতের মাথা উঁচু করে দিলেন মেয়েরা। মহিলাদের কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়েছে ৩৫–২৮ ব্যবধানে।
চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় মহিলা কাবাডি দল।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৫
Share on:
বিশ্বমঞ্চে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের দাপট অব্যাহত। চলতি মাসেই মহিলাদের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপেও শিরোপা দখল করেছে ভারতীয় প্রমীলা বাহিনী। আর ঠিক তার ২৪ ঘণ্টা পরেই বিশ্বমঞ্চে আবার ভারতের মাথা উঁচু করে দিলেন মেয়েরা। মহিলাদের কাবাডি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়েছে ৩৫–২৮ ব্যবধানে।
গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারতীয় মহিলারা। গ্রুপ লিগের সব ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠে এসেছিল। সেমিফাইনালে হারিয়েছিল শক্তিশালী ইরানকে। ব্যবধান ৩৩–২১। অন্যদিকে, চাইনিজ তাইপেও গ্রুপ লিগের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে এসেছিল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। আয়োজক বাংলাদেশকে ২৫–১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে আসে চাইনিজ তাইপে। তবে ফাইনালে মনোবল ধরে রেখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ খেতাব নিশ্চিত করে ভারতীয় প্রমিলা বাহিনী। এবারের বিশ্বকাপে মোট ১১টি দেশ অংশগ্রহণ করেছিল।
বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স–এ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে মোদী লিখেছেন, ‘২০২৫ সালের কাবাডি বিশ্বকাপ জিতে জাতিকে গর্বিত করার জন্য আমাদের ভারতীয় মহিলা কাবাডি দলকে অভিনন্দন। অসাধারণ সাহস, দক্ষতা এবং নিষ্ঠা প্রদর্শন করে জয় ছিনিয়ে নিয়ে এসেছে। তাদের এই জয় অগণিত তরুণ কাবাডি খেলোয়াড়দের আরও বড় স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে।’
ভারতীয় পুরুষ কাবাডি দলের প্রাক্তন অধিনায়ক অজয় ঠাকুরও ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ঢাকায় মহিলা দল বিশ্বকাপ ট্রফি ধরে রেখেছে। এটা ভারতের জন্য খুবই গর্বের মুহূর্ত। ফাইনালে ভারতের এই দুর্দান্ত জয় প্রমান করে দিয়েছে যে, গত কয়েক বছরে মহিলাদের কাবাডি কতটা এগিয়েছে। আশা করছি আগামী বছর গুলিতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’ প্রসঙ্গত উল্লেখ্য ২০১২ সালে মহিলাদের প্রথম কাবাডি বিশ্বকাপে ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.