প্রণয়কে হারিয়ে পদকের পথে লক্ষ্য সেন, স্বপ্ন শেষ সাত্ত্বিকসাইরাজ–চিরাগ জুটির
পদকের আশা বাঁচিয়ে রেখেছেন লক্ষ্য সেন। পৌঁছে গেলেন পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে। শেষ আটে ওঠার পথে লক্ষ্য হারিয়েছেন ভারতেরই এইচএস প্রণয়কে। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
পদকের পথে লক্ষ্য সেন
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০১, ২০২৪
Share on:
প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল এই ভারতীয় জুটি। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি বিদায় নিলেও পদকের আশা বাঁচিয়ে রেখেছেন লক্ষ্য সেন। পৌঁছে গেলেন পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে। শেষ আটে ওঠার পথে লক্ষ্য আবার হারিয়েছেন ভারতেরই এইচএস প্রণয়কে।
পুরুষদের সিঙ্গলসে প্রি–কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন ও এইচএস প্রণয়। দুই ভারতীয়র মধ্যে লড়াইয়ে বাজিমাত করে গেলেন লক্ষ্য সেন। শেষ ষোলোর লড়াইয়ে এইচএস প্রণয়ের বিরুদ্ধে ২১–১২ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য সেন। দ্বিতীয় গেমে প্রণয়কে তো দাঁড়াতেই দেননি লক্ষ্য। ২১–৬ ব্যবধানে উড়িয়ে দেন। মাত্র ১৮ মিনিট স্থায়ী হয়েছিল দ্বিতীয় গেম। মুখোমুখি সাক্ষাৎকারে এই নিয়ে প্রণয়ের বিরুদ্ধে ৫টি ম্যাচ জিতলেন লক্ষ্য। প্রণয় জিতেছেন ৩ ম্যাচে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার দ্বাদশ বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে খেলবেন লক্ষ্য সেন।
চলতি বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। বিশ্বের এক নম্বরেও পৌঁছে গিয়েছিলেন। পরে তিন নম্বরে নেমে যান। অলিম্পিকে তৃতীয় বাছাইয়ের স্বীকৃতি নিয়ে খেলতে নেমেছিলেন। প্রথম গেমে জিতেও কিন্তু শেষরক্ষা হল না। কোয়ার্টার ফাইনালে অবাছাই মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইক জুটির কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হল।
অ্যারন চিয়া ও সোহ উই ইক জুটির বিরুদ্ধে দারুণভাবেই শুরু করেছিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম গেমে ২১–১৩ ব্যবধানে জিতে এগিয়ে যান। দ্বিতীয় গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মালয়েশিয়ান জুটি। তৃতীয় গেমে লড়াই দারুণ জমে ওঠে। একসময় ফল ছিল ১৬–১৬। শেষ পর্যন্ত সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটিকে ১৬ পয়েন্টে দাঁড় করিয়ে রেখে ২১–১৬ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সোহ উই ইক জুটি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.