ট্রেন্ডিং

JBG Kolkata Marathon 2026

ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছে ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’, অংশ নেবেন ১৫ হাজার দৌড়বিদ‌

‘‌স্পোর্টিজ’‌ এবং ‘‌জয় বালাজি গ্রুপ’‌ আনুষ্ঠানিকভাবে ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’‌–এর ১১তম সংস্করণের সূচনা করেছে। ‘‌চলো দৌড়াই’‌ নামে উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাওয়া এই ম্যারাথনটি ২৯ নভেম্বর কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে। এবারের ম্যারাথনে দেশ–বিদেশের ১৫ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নেবেন।পূর্ব ভারতে দূরপাল্লার দৌড়ের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছে এবারের ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’‌।

জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬–এর আনুষ্ঠানিক ঘোষণা। মঞ্চে হাজির নিশান্ত মহেশ্বরী, সোমা বিশ্বাস, জ্যোতির্ময়ী শিকদার, গৌরব জাজোদিয়া, সায়ামি খের, সুমিত আন্টিল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬
Share on:

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘‌স্পোর্টিজ’‌ এবং ‘‌জয় বালাজি গ্রুপ’‌ আনুষ্ঠানিকভাবে ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’‌–এর ১১তম সংস্করণের সূচনা করেছে। ‘‌চলো দৌড়াই’‌ নামে উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাওয়া এই ম্যারাথনটি ২৯ নভেম্বর কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে। এবারের ম্যারাথনে দেশ–বিদেশের ১৫ হাজারেরও বেশি দৌড়বিদ অংশ নেবেন।

পূর্ব ভারতে দূরপাল্লার দৌড়ের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে চলেছে এবারের ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’‌। ১১তম সংস্করণে যুক্ত হচ্ছে ৪২.‌২ কিমির ‘‌ফুল ম্যারাথন’‌, যা পূর্ব ভারতের একমাত্র ‘‌ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেবেল’‌ প্রাপ্ত ফুল ম্যারাথন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। দৌড়প্রেমী সকলের জন্য এই আয়োজনকে সর্বজনীন ও আনন্দঘন করে তুলতে থাকছে ফুল ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), ১০ কিমি ও ৫ কিমি দৌড়, কসপ্লে (কস্টিউম রান) এবং বিশেষ ‘‌স্পেশাল হিরোজ’‌ ক্যাটাগরি। মূল ম্যারাথনের দিনটিকে সামনে রেখে শহরজুড়ে নানা আকর্ষণীয় প্রাক ইভেন্ট অনুষ্ঠান হবে। 

রবিবার শহরের এক পাঁচতারা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব ও তারকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’‌–এর ১১তম সংস্করণের অ্যাম্বাসাডরদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ইভেন্টের অ্যাম্বাসাডর হয়েছেন দেশের দ্রুততম পুরুষ হিসেবে পরিচিত গুরিন্দরভির সিং। এছাড়া ইভেন্টের প্রধান মুখ হিসেবে থাকবেন বিখ্যাত মডেল, অভিনেতা এবং ফিটনেস আইকন মিলিন্দ সোমান। ‘‌স্পেশাল হিরোজ’‌ বিভাগের মুখ পুরুষদের জ্যাভেলিন থ্রো–তে প্যারালিম্পিক, বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়ন সুমিত আন্টিল। এছাড়া বলিউড অভিনেত্রী, ম্যারাথন দৌড়বিদ এবং ট্রায়াথলিট সায়ামি খের ‘‌স্টার গেস্ট রানার’‌ হিসেবে ‘‌জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬’‌ অংশ নেবেন। দিল্লি ও মুম্বই ম্যারাথনের বিজয়ী কার্তিক কারকেরা ম্যারাথন বিভাগের মুখ হিসেবে থাকবেন। এই ইভেন্টে ভারতের প্রাক্তন অলিম্পিয়ান এবং লং জাম্পার অঞ্জু ববি জর্জও উপস্থিত থাকবেন।


ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক ‘‌জয় বালাজি গ্রুপ’‌–এর ডিরেক্টর গৌরব জাজোদিয়া বলেন, ‘‌জেবিজি কলকাতা ম্যারাথনের ১১তম সংস্করণ পূর্ব ভারতে খেলাধুলা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দৌড়ের জন্য ‘‌ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেবেল’‌ স্বীকৃতি অর্জন কলকাতাকে বিশ্ব ম্যারাথনের মানচিত্রে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। ১৫ হাজারের বেশি দৌড়বিদের অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে আমরা আন্তর্জাতিক ক্রীড়াবিদ, ফিটনেসপ্রেমী এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বদের একই ছাতার নিচে নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’‌ 

জেবিজি কলকাতা ম্যারাথনের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এর আনুষ্ঠানিক থিম সং ‘‌চলো দৌড়াই’‌। যা ম্যারাথন এবং কলকাতা শহরের প্রকৃত চেতনাকে তুলে ধরে। এটা নিছক একটা গান নয়, ‘‌চলো দৌড়াই’‌ হল শহরের প্রাণবন্ত সংস্কৃতি, অদম্য মানুষ এবং ক্রমশ বেড়ে ওঠা দৌড়বিদ সম্প্রদায়ের প্রতি এক আন্তরিক উদযাপন। এর মিউজিক ভিডিওতে কলকাতার বিখ্যাত সব স্থান সুন্দরভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি বিভিন্ন রানিং ক্লাব, ফিটনেসপ্রেমী এবং উৎসাহী ক্রীড়াবিদদের একত্রিত করা হয়েছে, যা শহরের দৌড় আন্দোলনের মূল চালিকাশক্তিকে প্রতিফলিত করে। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora