আন্তর্জাতিক টেনিস সার্কিটে নোভাক জকোভিচ অধ্যায় কি শেষ হতে চলেছে? ইঙ্গিতটা স্পষ্ট। ফ্রেঞ্চ ওপেনের পর উইম্বলডনেও তারুণ্যের দাপট। মাসখানেক আগেই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ইয়ানিক সিনার। উইম্বলডনেও তার পুনরাবৃত্তি। অন্য সেমিফাইনালে টেলর ফ্রিৎজকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। ফাইনালে তারুণ্যের লড়াই।
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল জকোভিচকে। উইম্বলডনে সুযোগ ছিল ফ্রেঞ্চ ওপেনে হারের প্রতিশোধ নেওয়ার। কিন্তু অসহায় আত্মসমর্পন জকোভিচের। ফ্রেঞ্চ ওপেনে তবু কিছুটা লড়াই করেছিলেন। উইম্বলডনে বিশ্বের এক নম্বর তারকার সামনে দাঁড়াতেই পারেননি জকোভিচ। ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন।
অন্য সেমিফাইনালে, টেলর ফ্রিৎজের বিরুদ্ধে আলকারাজের জয়টা অবশ্য সহজে আসেনি। বিশ্বের ২ নম্বর তারকাকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে দিয়েছিলেন ফ্রিৎজ। প্রথম সেটে ৬–৪ ব্যবধানে হারলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই মার্কিন টেনিস তারকা। ৭–৫ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটে ৬–৩ ব্যবধানে জিতে আবার এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে তাঁকে আবার চাপের মধ্যে ফেলে দিয়েছিলেন ফ্রিৎজ। সেট টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যান। টাইব্রেকারে ফ্রিৎজ ৬–৪ ব্যবধানে এগিয়ে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান আলকারাজ। শেষপর্যন্ত ৭–৬ (৮–৬) ব্যবধানে চতুর্থ সেট জিতে ফাইনালে পৌঁছে যান।
পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ এপ্রিলে বার্সেলোনা ওপেনের ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর টানা ২৪ ম্যাচে জিতলেন। রবিবার টানা তৃতীয়বার উইম্বলডন খেতাব জয়ের লক্ষ্যে ইয়ানিক সিনারের বিরুদ্ধে কোর্টে নামবেন আলকারাজ। মাসখানেক আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এই দুই সেরা টেনিস তারকা। সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ। এবার সিনারের সামনে সুযোগ ফ্রেঞ্চ ওপেনে পরাজয়ের বদলা নেওয়া।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.