শুটিংয়ে স্বপ্নিল কুশালের হাত ধরে প্যারিসে তৃতীয় পদক এল ভারতের ঘরে, বক্সিংয়ে হতাশ করলেন নিখাত জারিন
প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন ভারতীয় শুটাররা। শুটারদের হাত ধরে তিন–তিনটি পদক এল ভারতের ঘরে। এবার পুরুষদের ১০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে।
স্বপ্নিল কুশালের হাত ধরে তৃতীয় পদক এল ভারতের
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০১, ২০২৪
Share on:
প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন ভারতীয় শুটাররা। শুটারদের হাত ধরে তিন–তিনটি পদক এল ভারতের ঘরে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে আগেই ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের। এরপর সরবজ্যোত সিংকে সঙ্গে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন। এবার পুরুষদের ১০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে।
যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করেছিলেন স্বপ্নিল কুশালে। ফাইনালে সেরা শুটারদের সঙ্গে তাঁর লড়াই যথেষ্ট কঠিন ছিল। জীবনের প্রথম অলিম্পিকেই কঠিন লড়াইয়ে বাজিমাত স্বপ্নিলের। ৪৫১.৪ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। ৪৬৩.৬ স্কোর করে সোনা জিতেছেন চীনের লিউ ইউ কুন। আর ৪৬১.৩ স্কোর করে রুপো জিতেছেন ইউক্রেনের সেরহি কুলিশ।
নিলিং রাউন্ডের শেষে ষষ্ঠ স্থানে ছিলেন স্বপ্নিল। প্রথম সিরিজে ৫০.৮ স্কোর করেন, দ্বিতীয় সিরিজে ৫০.৯, তৃতীয় সিরিজে ৫১.৬। প্রোন রাউন্ডে স্বপ্নিল চলে আসেন পঞ্চম স্থানে। প্রথম সিরিজে স্বপ্নিল স্কোর করেন ৫২.৭। দ্বিতীয় সিরিজে স্বপ্নিলের মোট স্কোর ৫২.২, তৃতীয় সিরিজে ৫১.৯। স্ট্যান্ডিং রাউন্ডের প্রথম সিরিজে চার নম্বরে উঠে আসেন স্বপ্নিল। প্রথম সিরিজে স্কোর করেন ৫১.১। শেষ সিরিজে স্বপ্নিলের স্কোর ৫০.৪। এলিমিনেশনে স্বপ্নিল প্রথমে মারেন ১০.৫। এই স্কোর করে তিনি প্রথম তিনে ঢুকে পড়েন। এরপর তিনি স্কোর করেন ৯.৪। এই রাউন্ডের পর ছিটকে যান জার্মানির জন–হার্মান হেগ। স্বপ্নিল এরপর মারেন ৯.৯। এই শটেই পদক নিশ্চিত হয়ে যায় স্বপ্নিলের। যদিও রুপো জয়ের সুযোগ হাতছাড়া করেন।
শুটিংয়ে স্বপ্নিল কুশালে পদক এনে দিলেও বক্সিংয়ে হতাশ করলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের ৫০ কেজি বিভাগে শীর্ষ বাছাই চীনের উ ইউ–এর কাছে ৫–০ ব্যবধানে হেরে প্রি–কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। চীনের বক্সারের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী নিখাত জারিন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.