ভারতের কিংবদন্তী টেনিস তারকা লিয়েন্ডার পেজের রাজনীতিতে পদার্পণ নিয়ে তীব্র জল্পনা। বিজেপি–তে যোগ দিতে চলেছেন এই প্রাক্তন টেনিস তারকা। মঙ্গলবার রাতে নিউ টাউনের এক হোটেলে বিজেপি–র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ ঘিরেই জল্পনা তীব্র হয়েছে। যদিও লিয়েন্ডার ও বিজেপি নেতারা এই ব্যাপারে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। রাজ্যে বিজেপি–র নেতাদের মুখেও কুলুপ।
মঙ্গলবার রাতে নিউ টাউনের এক হোটেলে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করেন লিয়েন্ডার পেজ। সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য নেতৃত্বও। বিজেপি–র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর উদ্যোগেই মূলত এই সাক্ষাৎপর্ব। এই হাই প্রোফাইল বৈঠক লিয়েন্ডারের সক্রিয় রাজনীতিতে প্রবেশের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। সূত্রের খবর, দেশের এই প্রাক্তন টেনিস তারকা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে প্রবেশের কথা ভাবছেন।
৮ মাস আগে দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল লিয়েন্ডার পেজের। সেই থেকেই পদ্ম–শিবিরের সঙ্গে তাঁর সম্পর্ক। রাজ্যে নির্বাচনের কারণে বিজেপি–র জাতীয় সভাপতি নিতিন নবীন কলকাতায় এসেছেন। তিনি নিউ টাউনের যে হোটেলে রয়েছেন, সেই হোটেলে গিয়েছিলেন লিয়েন্ডার। ভিন রাজ্যের বেশ কয়েকজন বিজেপি নেতাও ওই হোটেলে ছিলেন। তাঁদের সঙ্গেও কথা বলেন লিয়েন্ডার।
লিয়েন্ডার রাজনীতিতে এলে সেটা অবশ্য নতুন ঘটনা হবে না। এর আগে ২০২১ সালে ২১ নভেম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন লিয়েন্ডার। প্রশান্ত কিশোরের উদ্যোগেই সেই সময় তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু লিয়েন্ডারকে তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায়নি। ২০২২ সালের জানুয়ারিতে গোয়া নির্বাচনের আগে তাঁকে দলের রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এই নিয়ে প্রশ্ন ওঠে। তারপর থেকেই তিনি তৃণমূলকে এড়িয়ে চলছেন।
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে লিয়েন্ডারের সঙ্গে নিতিন নবীনের বৈঠককে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র অনুযায়ী, বিজেপি তাদের নির্বাচনী প্রচারে পেজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারে, বিশেষ করে শহুরে এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের কলকাতা সফরের উদ্দেশ্য হল দলের নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করা। দলটি বর্তমানে বুথ স্তর পর্যন্ত তার সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা, ডিজিটাল পরিধি বাড়ানো এবং যেসব এলাকায় দলটি বর্তমানে দুর্বল, সেখানে নিজেদের অবস্থান আরও মজবুত করার জন্য কাজ করছে।