‘পরিবর্তন যাত্রার’ সূচী ঘোষণা করার পর বিজেপির তিন নেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা শুরু করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এই পরিবর্তন যাত্রায় পাঁচ হাজার কিলোমিটার হাঁটবেন গেরুয়া শিবিরের নেতা–কর্মী–সমর্থকরা৷ পরিবর্তন যাত্রার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কোনও সাড়া না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ শর্তসাপেক্ষে পরিবর্তন যাত্রার অনুমতি দিয়েছে।
বিজেপি কলকাতা হাইকোর্টের কাছে রাজ্যে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল। কিন্তু হাইকোর্ট ১ ও ২ মার্চ পরিবর্তন যাত্রার অনুমতি দিয়েছে। সময়সূচী পর্যালোচনা করে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, বিজেপি এই দুদিন দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১০০০ জন কর্মী–সমর্থক নিয়ে মিছিল করতে পারবে। আদালতে শুনানির সময় বিজেপি মিছিলের জন্য জেলা, স্থান ও তারিখের বিস্তারিত তালিকা জমা দেয়।
এর আগে ২২ ফেব্রুয়ারি বিজেপি পুলিশের কাছে পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ কোনও সাড়া দেয়নি। পুলিশের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। শেষ পর্যন্ত আদালত বিজেপির পক্ষে রায় দিয়েছে। তবে বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ তিনদিনের পরিবর্তে দু’দিনের পরিবর্তন যাত্রার নির্দেশ দিয়েছেন।
এই বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের আশা করছে বিজেপি। নির্বাচন ঘোষণার আগে বঙ্গ বিজেপি পরিবর্তন যাত্রার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এই পরিবর্তন যাত্রায় অংশ নেবেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে।
এই কর্মসূচিতে সকলকে যোগদানের আহ্বান জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা সর্বস্তরে পরিবর্তনের লক্ষ্যে এগোচ্ছি। সমাজের সর্বস্তরের মানুষ, যেকোনও রাজনৈতিক দলের মানুষ এই পরিবর্তন যাত্রায় যোগদান করুন এটাই চাই।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বদলা নয় বদল চাইয়ের স্লোগান দিলেও রাজ্যে সীমাহীন তোষণ, রাজনৈতিক সন্ত্রাস দেখেছে বাংলার মানুষ। তাই পরিবর্তন হবেই।’ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘এই যাত্রা পরিবর্তনের গঙ্গাকে ভগীরথের মতো পথ দেখাবে। এই যাত্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবেন।’ পরিবর্তন যাত্রার প্রথম দিনে ১ মার্চ চারটি বড় জনসভা হবে। ২ মার্চ পাঁচটি বড় জনসভা হবে।
দোলের পর আবার ৫ মার্চ ৯টি পরিবর্তন যাত্রা হবে। কলকাতার ব্রিগেড ময়দানে এই যাত্রা শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা মাধ্যমে। পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে ৬৪ বড় জনসভা, ৩০০টি ছোট সভা হবে। ২৫০টি বিধানসভায় এই যাত্রা হবে। বাকি ৪৪টি বিধানসভায় ব্রিগেড অনুষ্ঠানকে কেন্দ্র করে আলাদা কর্মসূচি হবে।