ট্রেন্ডিং

Bangladesh T20 World Cup 2026 standoff

ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখান, বাংলাদেশকে ২৪ ঘন্টা সময় দিল আইসিসি, না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

টি২০ বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করল। বুধবার আইসিসি–র বোর্ড মিটিংয়ে ১৪–২ ভোটে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রস্তাব খারিজ হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে তাদের পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে। বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিন সময় দিয়েছে আইসিসি।

টি২০ বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৬
Share on:

আসন্ন টি২০ বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করল। বুধবার আইসিসি–র বোর্ড মিটিংয়ে ১৪–২ ভোটে বাংলাদেশের ম্যাচ সরানোর প্রস্তাব খারিজ হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে তাদের পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে। বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিন সময় দিয়েছে আইসিসি। 

বাংলাদেশের বিষয়টি নিয়ে বুধবার আইসিসি–র জরুরি বোর্ড মিটিং বসেছিল। বৈঠকে ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। অধিকাংশ সদস্যই বাংলাদেশের বিরুদ্ধে ভোট দেন। একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য বাংলাদেশকে সমর্থন জানান। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি এবং অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছিল, তারা বিশ্বকাপের আর এক আয়োজক শ্রীলঙ্কায় খেলার জন্য বাংলাদেশের অনুরোধকে সমর্থন জানাচ্ছে। ভোটাভুটির পর আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে দেশের সরকারকে বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে।

৭ ফেব্রুয়ারি থেকে টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে। সূচি অনুযায়ী বাংলাদেশের কলকাতায় তিনটি এবং মুম্বইতে একটি লিগ ম্যাচ খেলার কথা। নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠাতে নারাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি–কে অনুরোধ জানিয়েছে, তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য। অথবা গ্রুপ পরিবর্তন করা হোক, যাতে তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারে। 


বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি–তে। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড এবং নেপাল। গত সপ্তাহে ঢাকায় আইসিসি কর্তাদের সঙ্গে সর্বশেষ বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রুপ অদলবদলের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাব ছিল আয়ারল্যান্ডের পরিবর্তে তাদের গ্রুপ বি–তে স্থানান্তরিত করা হোক। এই গ্রুপে আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান এবং জিম্বাবোয়ে। গ্রুপ বি–তে স্থানান্তরিত হলে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলার অনুমতি পাবে। আইসিসি বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবও নাকচ করে দিয়েছে।

যদি বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ সি–তে জায়গা দেওয়া হবে। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সির পেছনে থেকে স্কটল্যান্ড ২০২৬ টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু র‌্যাঙ্কিংয়ে জার্সির থেকে এগিয়ে থাকায় স্কটল্যান্ড সুযোগ পাবে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে ২০২৬ সালের আইপিএলে তাদের দল থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করার পর থেকেই এই বিতর্ক শুরু হয়। যদিও বাংলাদশের পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আইসিসি–র কাছে দেওয়া চিঠিতে শুধুমাত্র ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতির কথা উল্লেখ করা হয়েছে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সাংবাদিক, দর্শকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়েছে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora