ট্রেন্ডিং

La Liga: Real Madrid vs Barcelona

দুরন্ত হ্যাটট্টিক করেও রিয়েলকে জেতাতে ব্যর্থ এমবাপে, এল ক্লাসিকো জিতে খেতাবের আরও কাছে বার্সিলোনা

দুরন্ত হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের। তবুও দলের হার বাঁচাতে পারলেন না। লা লিগায় রুদ্ধশ্বাস ম্যাচে বার্সিলোনার কাছে ৪–৩ ব্যবধানে হারতে হল রিয়েল মাদ্রিদকে। ১৪ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন বার্সিলোনার।

কাজে এল না দুরন্ত হ্যাটট্রিক। হতাশ এমবাপে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৫
Share on:

দুরন্ত হ্যাটট্রিক কিলিয়ান এমবাপের। তবুও দলের হার বাঁচাতে পারলেন না। লা লিগায় রুদ্ধশ্বাস ম্যাচে বার্সিলোনার কাছে ৪–৩ ব্যবধানে হারতে হল রিয়েল মাদ্রিদকে। ১৪ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন বার্সিলোনার। ম্যাচের ৩৫ মিনিটের মধ্যেই ৫ গোল। ১০৩ বছর পর এই প্রথম এল ক্লাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫ গোল।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৫ মিনিটেই বক্সের ভেতর এমবাপেকে ফাউল করে রিয়েল মাদ্রিদকে পেনাল্টি উপহার দেন বার্সিলোনা গোলকিপার ভয়চেক সেজনি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। ৯ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। প্রতিআক্রমণে ভিনিসিয়াস জুনিয়রের থ্রু ধরে দ্বিতীয় গোল করেন এমবাপে। গোল নিয়ে আপত্তি জানান বার্সিলোনা ফুটবলাররা। তাঁরা আক্রমণের শুরুতে ইয়ামালের বিরুদ্ধে ফাউলের অভিযোগ তোলে। যদিও আপত্তি ধোপে টেকেনি।

 শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে বার্সিলোনা। দ্রুত বেশ কয়েকবার আক্রমণও তুলে নিয়ে আসে। তবে কাঙ্ক্ষিত গোলটি আসেনি। তিনকাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন রিয়েল গোলকিপার থিবো কোর্তায়া। ১৯ মিনিটে অবশ্য প্রতিরোধের বাঁধ ভেঙে যায় কোর্তোয়ার। কর্নার থেকে ভেসে আসা বল প্রথম পোস্ট থেকে ফ্লিক করেন টোরেস। পেছন থেকে এসে হেডে গোল করে ব্যবধান কমান এরিক গার্সিয়া। এরপর আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় বার্সিলোনা। ৩২ মিনিটে ডানপ্রান্ত দিয়ে কাট করে ঢুকে বাঁপায়ের বাঁক খাওয়ানো ট্রেডমার্ক শটে সমতা ফেরান লামিলে ইয়ামাল।


৩৪ মিনিটে কিলিয়ান এমবাপের ভুলে এগিয়ে যায় বার্সিলোনা। এমবাপের ভুল পাসে বল পেয়ে যান পেড্রি। তাঁর থ্রু ধরে বার্সিলোনারে ৩–২ ব্যবধানে এগিয়ে দেন রাফিনিয়া। এরপরই রেফারি রিয়েলের অনুকূলে পেনাল্টি দেন। ভিএআরের সাহায্যে পরে বাতিল করেন। সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় রিয়েলের। প্রথমার্ধের শেষদিকে রিয়েল অধিনায়ক লুকাস ভাসকোয়েজের কাছ থেকে বল কেড়ে নিয়ে বার্সিলোনাকে ৪–২ ব্যবধানে এগিয়ে দেন রাফিনিয়া।

বিরতির পর আবার রিয়েলের জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল। অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এরপর বেশ কয়েকটা পরিবর্তন করে ম্যাচের কৌশলে বদল ঘটান রিয়েল কোচ আনসেলত্তি। ফলও পান। ম্যাচের ৭০ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে ভিনিসিয়াসের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। যদিও হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না। ট্র‌্যাজিক হিরো হয়েই থাকতে হল এমবাপেকে।

চলতি মরশুমে চারটি এল ক্লাসিকোতেই জয়ী বার্সিলোনা। রিয়েলকে হারিয়ে লা লিগ খেতাবের আরও কাছে। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্টে শীর্ষে বার্সা। ৭৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে রিয়েল। লিগের বাকি ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে বার্সিলোনা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora