শনিবার যুবভারতীতে মেসির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। যুবভারতীর পথে রওনাও হয়েছিলেন। বিশৃঙ্খলার খবর পেয়ে মাঝপথে ফিরে যান। যুবভারতীর ঘটনায় বিশ্বের দরবারে মুখ পুড়েছে বাংলার। ব্যাথিত রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দর্শকদের জন্যও দুঃখিত মমতা ব্যানার্জি। ঘটনার পরপরই তিনি লিওনেল মেসি, দর্শক ও বাংলার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। পাশাপাশি যুবভারতীর ঘটনার জন্য তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স–এ লিখেছেন, ‘শনিবার সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। মেসিকে একঝলক দেখার জন্য মাঠে যখন হাজার হাজার দর্শকের জমায়েত হয়েছিল, তখন আমিও সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। মাঝপথে ফিরে যেতে হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’
যুবভারতীর বিশৃঙ্খলার জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটির বাকি সদস্যরা হলেন, মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ। এক্স–এ মমতা আরও লিখেছেন, ‘এই ঘটনার বিশদ অনুসন্ধানের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষা, তাদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে এই কমিটি।’ এদিন যুবভারতীতে মেসির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শাহরুখ খানেরও। তিনি হোটেলে মেসির সঙ্গে দেখা করে বিশৃঙ্খলার খবর পেয়ে আর যুবভারতী মুখো হননি। হোটেল থেকে সোজা বিমানবন্দরে চলে যান।
আরও পড়ুনঃ মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে দর্শকদের তাণ্ডব, মাঠে উড়ে এল চেয়ার, জলের বোতল, মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা
মেসিকে নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রথমে শতদ্রুকে আটক করার কথা জানান৷ পরে অবশ্য তাঁকে গ্রেফতার করা হয়৷ মেসিকে নিয়ে বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসি বিমানে ওঠার পরপরই তাঁকে বিমানবন্দর থেকে প্রথমে আটক করা হয়। পরে শতদ্রুকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও আশ্বাস দিয়েছেন তিনি। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন। রাজীব কুমার বলেন, ‘যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে। দর্শকদের টাকা ফেরত না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ আয়োজকদের গাফিলতি খতিয়ে দেখা হবে। কাউকে বরদাস্ত করা হবে না। এই ধরনের অব্যবস্থা মেনে নেওয়া যায় না। আয়োজকদের গলদ নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। যে টিকিট বিক্রি হয়েছিল, দর্শকদের সেই টাকা ফেরত দিতে হবে।’