ট্রেন্ডিং

Kolkata Football League

‌আটকাতে পারল না ভবানীপুরও, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল

ভবানীপুরকে হারিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল লাল-হলুদ ব্রিগেড। সোমবার নিজেদের মাঠে ১-০ ব্যবধানে হারাল ভবানীপুরকে। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন জেসিন টিকে। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল।

এভাবেই ব্যর্থ হল ভবানীপুর ফুটবলারদের প্রচেষ্টা

আরিয়ান চৌধুরি

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৪
Share on:

কলকাতা প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান যেখানে একের পর ম্যাচে হোঁচট খাচ্ছে, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। ভবানীপুরকে হারিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল লাল-হলুদ ব্রিগেড। সোমবার নিজেদের মাঠে ১-০ ব্যবধানে হারাল ভবানীপুরকে। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন জেসিন টিকে। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভবানীপুর।

একদলের সামনে ছিল গ্রুপ শীর্ষে ওঠার লড়াই। আর অন্য দলের সামনে ছিল শীর্ষস্থান ধরে রাখার। ইস্টবেঙ্গলকে টপকাতে ব্যর্থ ভবানীপুর। দাপট নিয়ে এদিন শুরু ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মহম্মদ রোশালকে বক্সের মধ্যে ট্রিপ করেন মদন মান্ডি। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন টিকে। ১৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। রোশলের থ্রু ধরে ভবানীপুর গোলকিপার প্রিয়ন্ত সিংকে কাটিয়ে গোলে শট করেছিলেন জেসিন। উমের মুথার গোললাইন থেকে থেকে বাঁচান।


আরও পড়ুনঃ মহৎ উদ্যোগ, অভিনব দাবা প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হল থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে


৪৪ মিনিটে আবার গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ভেসে আসা সেন্টার হেডে নামিয়ে দেন জেসিন। সামনে শুধু ভবানীপুর গোলকিপার। তাঁকে একা পেয়েও গায়ে মারেন সায়ন ব্যানার্জি। ইনজুরি সময়ে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভবানীপুর। থ্রো-ইন থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন জিতেন মুর্মু। গোলে ঢোকার মুখে ফিস্ট করে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভবানীপুর। বারবার প্রতিআক্রমণে উঠে আসার চেষ্টা করছিল। ৫৩ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসেছিল। বক্সের বাইরে থেকে নেওয়া আজহারউদ্দিনের নেওয়া শট কর্নারের বিনিময়ে বাঁচান আদিত্য পাত্র। ভবানীপুরের বিরুদ্ধে সায়ন ব্যানার্জি, কেপি বিষ্ণুরা একেবারেই নিষ্প্রভ ছিলেন। আক্রমণের ধার বাড়াতে দ্বিতীয়ার্ধে সায়নের জায়গায় এডউইন ভাসপাল এবং কেপি বিষ্ণুর জায়গায় সঞ্জীব ঘোষকে মাঠে নামান ইস্টবেঙ্গলের কোচ বিনু জর্জ। তাতেও খুব একটা হাল ফেরেনি ইস্টবেঙ্গলের। দু’বার ছাড়া সেভাবে গোলমুখ খুলতে পারেনি। ফলে ব্যবধান বাড়েনি। ১ গোলে জিতেই মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora