সামনে মহমেডান, জিতেই লিগ খেতাবের দিকে আরও একধাপ এগিয়ে যেতে চায় ইস্টবেঙ্গল
শুক্রবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মহমেডানের বিরুদ্ধে নামছে লালহলুদ ব্রিগেড। জিতলেই লিগ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যাবে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল কি পারবে মহমেডানের বিরুদ্ধে জয় তুলে নিতে পারবে?
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪
Share on:
লালহলুদ তাঁবুতে শেষবার কলকাতা লিগ এসেছিল ২০১৭ সালে। তারপর শুধুই খরা। এবার যা পরিস্থিতি, ইস্টবেঙ্গল তাঁবুতে লিগ ঢোকা শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মহমেডানের বিরুদ্ধে নামছে লালহলুদ ব্রিগেড। জিতলেই লিগ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যাবে ইস্টবেঙ্গল।
এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ডহারবার এফসি–র ১৪ ম্যাচে সংগ্রহ ৩৬। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভবানীপুর। ইস্টবেঙ্গলের সঙ্গে চ্যম্পিয়নশিপের লড়াইয়ে ছিল এই দুটি দলও। কিন্তু বুধবার ভবানীপুর ও ডায়মন্ডহারবার এফসি ম্যাচ ড্র হওয়ায় সুবিধা হয়েছে ইস্টবেঙ্গলের। ডায়মন্ডহারবার খেতাবি লড়াইয়ে থাকলেও ভবানীপুর কার্যত ছিটকে গেছে।
এই পরিস্থিতিতে শুক্রবার মহমেডানকে মিনি ডার্বিতে হারালেই খেতাব জয়ের দিকে অনেকটাই এগিয়ে যাবে ইস্টবেঙ্গল। মহমেডানের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নামছে বিনো জর্জের দল। দারুণ ছন্দে রয়েছেন জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্ণুরা। পরপর দুটি ম্যাচে গোল না পাওয়া জেসিন টিকে আগের ম্যাচে গোলে ফিরেছেন। গোলের মধ্যে রয়েছেন আমন, বিষ্ণুরাও। ছন্দ ধরে রাখলে মহমেডানের বিরুদ্ধেও জয় পাওয়া অসম্ভব নয় বিনো জর্জের দলের।
চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গেছে মহমেডান। তাছাড়া গ্রুপ লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলার নেই। আই লিগ খেলার জন্য তন্ময়রা অন্য ক্লাবে যোগ দিয়েছেন। তাসত্ত্বেও মহমেডানকে গুরুত্ব দিচ্ছেন বিনো জর্জ। মহমেডানের বিরুদ্ধে মাঠে নামার আগে লালহলুদ কোচ বলেন, ‘অবশ্যই এটা আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা। এই ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। ফুটবলাররা ডার্বি ম্যাচের কথা মাথায় রেখেই মাঠে নামবে। আমরা পয়েন্ট টেবল নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া। তবে মহমেডানকে গুরুত্ব দিতেই হবে।’ মহমেডানের পর ইস্টবেঙ্গলকে আরও দুটি কঠিন ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ ভবানীপুর ও ডায়মন্ডহারবার। তাই মহমেডানকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.