আবার জোড়া গোল ইউসুফ ইজেজারির, দুরন্ত ইস্টবেঙ্গলের সামনে উড়ে গেল স্পোর্টিং ক্লাব দিল্লি
চলতি আইএসএলের শুরু থেকেই একটু অন্যরকম দেখাচ্ছে ইস্টবেঙ্গলকে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু। দ্বিতীয় ম্যাচেও জয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারাল ৪–১ ব্যবধানে। জোড়া গোল করে আবার জয়ের নায়ক ইউসেফ ইজেজারি। ইস্টবঙ্গলের হয়ে বাকি দুটি গোল করেন এডমুন্ড ও মিগেল।
গোলের পর ইউসুফ ইজেজারি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬
Share on:
চলতি আইএসএলের শুরু থেকেই একটু অন্যরকম দেখাচ্ছে ইস্টবেঙ্গলকে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু। দ্বিতীয় ম্যাচেও জয়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হারাল ৪–১ ব্যবধানে। জোড়া গোল করে আবার জয়ের নায়ক ইউসেফ ইজেজারি। ইস্টবঙ্গলের হয়ে বাকি দুটি গোল করেন এডমুন্ড ও মিগেল।
প্রতিপক্ষ স্পোটিং ক্লাব দিল্লির এটাই আইএসএলে অভিষেক বছর। নতুন দল হলেও অধিকাংশ ফুটবলারের আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে। গতবছর হায়দরাবাদ এফসি–র হয়ে আইএসএলে খেলেছিলেন। সেকথা মাথায় রেখে এদিন মাঠে নেমেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। কিন্তু দিল্লি সেভাবে বেকায়দায় ফেলতে পারেনি শক্তিশালী ইস্টবেঙ্গলকে।
এদিন তিন বিদেশিকে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন অস্কার ব্রুজো। মাঝমাঠে মহম্মদ রশিদ ও মিগেল ফেরেরা। সামনে একা ইউসেফ ইজেজারি। তাতেও কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণের ধার কমেনি। শুরুতেই ঝাঁপিয়ে পড়েছিল দিল্লির ওপর। ২ মিনিটেই খুব কাছ থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন মিগেল। কর্নারের বিনিময়ে বাঁচান দিল্লি গোলকিপার। ২ মিনিট পরেই যুবভারতীতে শ্মশানের নীরবতা নেমে আসে। খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় দিল্লি। বক্সের মধ্যে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে দিল্লিকে এগিয়ে দেন অগাস্টিন। যদিও এই অগ্রগতি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দিল্লি। ৭ মিনিটে বিপিনের সেন্টার থেকে বল পেয়ে ভলি করেছিলেন এডমুন্ড। দিল্লি গোলকিপার বিশাল যাদবের হাত ফস্কে বল জালে জড়িয়ে যায়।
সমতা ফেরানোর পর আক্রমণে আরও গতি নিয়ে আসে ইস্টবেঙ্গল। মিনিট তিনেক পরই পেনাল্টি আদায় করে নেয়। এডমুন্ডকে বক্সের মধ্যে ফাউল করেন দিল্লির এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ইউসুফ ইজেজারি। ২৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল এই স্প্যানিশ স্ট্রাইকারের সামনে। মিগেলের সেন্টারে হেড করেছিলেন ইজেজারি। বল সরাসরি চলে যায় দিল্লি গোলকিপার বিশালের হাতে। ৪০ মিনিটে ইজেজারির হাত ধরেই ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। মিগেলের দুরন্ত থ্রু ধরে দিল্লি গোলকিপারের দু’পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন ইজেজারি। প্রথমার্ধে ৩–১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে লাল–হলুদ রক্ষণে চাপ বাড়ানোর চেষ্টা করছিল দিল্লি। কিন্তু আনোয়াররা সতর্ক থাকায় সুবিধা করতে পারেনি। ৭৫ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ইজেজারির সামনে। বিপিনের দুরন্ত ফ্রিকিক বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। মিনিট তিনেক পর তিনটি পরিবর্তন করেন লাল–হলুদ কোচ অস্কার ব্রুজো। এডমুন্ড, বিপিন ও ইজেজারির পরিবর্তে মাঠে নিয়ে আসেন শৌভিক, রাকিপ ও ডেভিডকে। ৮৬ মিনিটে ডেভিড ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। মিগেলের পাস থেকে নেওয়া তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের ইনজুরি সময়ে একক প্রয়াসে বল ধরে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে ৪–১ করেন। ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল ইস্টবেঙ্গল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.