স্বপ্ন দেখেছিলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার। সেই স্বপ্ন অবশ্য পূরণ হয়নি। দুধের স্বাদ অবশ্য ঘোলে মিটল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পেলেন ফিফা শান্তি পুরস্কার। মার্কিন প্রেসিডেন্টকে তো তুষ্ট করতেই হবে ফিফাকে। কারণ সামনের বছর মার্কিন মুলুকে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। আর শুক্রবার গভীর রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হল ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র। সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে। এই ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ এবং ‘জে’ গ্রুপের দিকেই সকলের নজর থাকবে। কারণ এই দুটি গ্রুপে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। স্বাভাবিকভাবেই এই গ্রুপে আর্জেন্টিনাই ফেবারিট। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, গ্রুপ পর্বে সহজ ম্যাচ বলে কিছু নেই। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
এবারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল এবং গ্রুপ পর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দল ৩২ দলের পুলে পৌঁছবে। আর্জেন্টিনা যদি গ্রুপ শীর্ষে শেষ করে তাহলে নক আউট পর্বে ‘এইচ’ গ্রুপের বিজয়ী কিংবা রানার্স দলের মুখোমুখে হবে। ‘এইচ’ গ্রুপে রয়েছে আছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। অর্থাৎ নক আউট পর্বে প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা ও ব্রাজিল নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। নিজ নিজ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে উঠলেও সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
২০২৬ বিশ্বকাপের যুগ্ম আয়োজক আমেরিকা, মেক্সিকো ও কানাডা। আগেই ঠিক ছিল তিন দেশ আলাদা আলাদা গ্রুপে থাকবে। ‘এ’ গ্রুপে থাকবে মেক্সিকো, ‘বি’ গ্রুপে কানাডা ও ‘ডি’ গ্রুপে আমেরিকা। এছাড়া ‘সি’ গ্রুপে ব্রাজিল, ‘ই’ গ্রুপে জার্মানি, ‘এফ’ গ্রুপে হল্যান্ড, ‘জি’ গ্রুপে বেলজিয়াম, ‘এইচ’ গ্রুপে স্পেন, ‘আই’ গ্রুপে ফ্রান্স, ‘জে’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ‘কে’ গ্রুপে পর্তুগাল, ‘এল’ গ্রুপে ইংল্যান্ড।
একনজরে বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
প্লে-অফে লড়াই করবে যারা
ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’: ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন
ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া
ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া
ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া
ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম