লিগে হাবুডুবু খাচ্ছে পালতোলা নৌকা, মোহনবাগানের পথে কাঁটা বিছিয়ে দিল জর্জ টেলিগ্রাফ
জর্জ টেলিগ্রাফের কাছে হেরে সুপার সিক্সের স্বপ্ন থেকে আরও দূরে সরে যেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কল্যানী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার সবুজ–মেরুন ব্রিগেডের। ২–১ ব্যবধানে জিতে মোহনবাগানের সুপার সিক্সের পথে কাঁটা বিছিয়ে দিল জর্জ টেলিগ্রাফ।
বারবার এভাবেই ব্যর্থ হল সবুজ–মেরুন ফুটবলারদের প্রয়াস
আরিয়ান চৌধুরি
শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৪
Share on:
আগের দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে সমর্থকদের স্বপ্ন দেখিয়েছিলেন ফুটবলাররা। জর্জ টেলিগ্রাফের কাছে হেরে সুপার সিক্সের স্বপ্ন থেকে আরও দূরে সরে যেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কল্যানী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার সবুজ–মেরুন ব্রিগেডের। ২–১ ব্যবধানে জিতে মোহনবাগানের সুপার সিক্সের পথে কাঁটা বিছিয়ে দিল জর্জ টেলিগ্রাফ।
হার না মানা মানসিকতা নিয়েই এদিন মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমেছিল জর্জ। বরাবরই তারা জায়ান্ট কিলার। রঘু নন্দীর সময়ে বহুবার তিন প্রধানের কাছ থেকে পয়েন্ট কেড়েছে। ম্যাচ জিতেছেও। গৌতম ঘোষের কোচিংয়েও জর্জ টেলিগ্রাফ সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। ম্যাচের শুরুর পর থেকেই মোহনবাগানের সঙ্গে তুল্যমূল্য লড়াই করছিলেন জর্জের ফুটবলাররা।
প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি মোহনবাগান। দু’একবার টাইসন সিং, সালাউদ্দিনরা গোলের কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন। পেনাল্টি না পেলে হয়তো গোলও আসত না। তাও পেনাল্টিটা নিয়ে সন্দেহ রয়েছে। ম্যাচের ৩০ মিনিটে আকাশ মুখার্জি বল ক্লিয়ার করতে গেলে সতীর্থ জুয়েল আমেদের পেটে লাগে। টিভি রিপ্লেতেও পরিস্কার বোঝা যায়নি বল হাতে লেগেছে কিনা। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সেরটো।
সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জর্জ টেলিগ্রাফ। ম্যাচের ৫৩ মিনিটে সমতাও ফেরায়। সমরেশ দাসের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে জোরালো শটে গোল করেন অমিত এক্কা। মিনিট চারেক পর আবার গোল করে জর্জকে এগিয়ে দেন সেই অমিত এক্কাই। অভিষেক চক্রবর্তীর শট রাজা বর্মন প্রতিহত করেন। ফিরতি বলে শট নেন অমিত এক্কা। গোলের ভেতর থেকে হেড করে রাজ বাসফোর বাইরে পাঠালেও সহকারী রেফারি গোলের সংকেত দেন। জর্জের কাছে হেরে মোহনবাগানের প্রথম তিনে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে রয়েছে মোহনবাগান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.