চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ঘরের মাঠে ইন্টার মিলান কখনও হারেনি। ইতিহাস বদলাতে পারল না বার্সিলোনা। রুদ্ধশ্বাস ম্যাচে বার্সিলোনাকে ৪–৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মিলান। দুই পর্ব মিলিয়ে ইন্টার মিলান জয়ী ৭–৬ ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে ১০ বছরের খরা কাটাতে ব্যর্থ বার্সিলোনা।
জয়সূচক গোলের পর ইন্টার মিলানের ডেভিডে ফ্রাত্তেসি।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৭, ২০২৫
Share on:
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের সেমিফাইনালে ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে ৩–৩ ড্র করেছিল বার্সিলোনা। প্রথম পর্ব ড্র হওয়ায় বার্সিলোনার কাছে কাজটা যথেষ্ট কঠিনই ছিল। ফাইনালে উঠতে গেলে ইতিহাস বদলাতে হত বার্সিলোনাকে। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ঘরের মাঠে ইন্টার মিলান কখনও হারেনি। ইতিহাস বদলাতে পারল না বার্সিলোনা। রুদ্ধশ্বাস ম্যাচে বার্সিলোনাকে ৪–৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মিলান। দুই পর্ব মিলিয়ে ইন্টার মিলান জয়ী ৭–৬ ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে ১০ বছরের খরা কাটাতে ব্যর্থ বার্সিলোনা।
সান সিরো–তে অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় পর্বের এই ম্যাচ নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা। অতিরিক্ত সময় পর্যন্ত পেন্ডুলামের মতো দুলল ম্যাচের ভাগ্য। যদিও প্রথমার্ধে নিরঙ্কুশ আধিপত্য ইন্টার মিলানের। প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। ম্যাচের ২১ মিনিটে লাওতারো মার্টিনেজ গোল করে মিলানকে এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান হাকান চালহানোয়লু। প্রথমার্ধে বার্সিলোনা কয়েকবার ইন্টারের গোলের সামনে হানা নিয়েছিল। কিন্তু রাফানিয়া, দানি ওলমোরা তিনকাঠি ভেদ করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল বার্সিলোনা। ১৫ মিনিটের মধ্যেই সমতা ফেরায়। ৫৪ মিনিটেও ২–১ করে এরিক গার্সিয়া। ৬০ মিনিটে দানি ওলমোর গোলে ২–২। এরপর ম্যাচের রাশ নিজেদের অনুকূলে নিয়ে নেয় বার্সিলোনা। ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ফাইনালে ওঠা বার্সিলোনার কাছে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে যে এইরকম নাটক অপেক্ষা করে আছে, কে জানত? ইনজুরি সময়ের ৩ মিনিটের মাথায় ডেনজিল ডামফ্রিসের সেন্টার থেকে হেডে গোল করে সমতা ফেরান ফ্রান্সেসকো আচেরবি।
নির্ধারিত সময় ৩–৩ অবস্থায় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯ মিনিটের মাথায় ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমির পাস থেকে গোল করে ইন্টার মিলানকে ৪–৩ ব্যবধানে এগিয়ে দেন ডেভিডে ফ্রাত্তেসি। এরপর মরিয়া হয়ে উঠলেও আর সমতা ফেরাতে পারেনি বার্সিলোনা। এই নিয়ে গত তিন বছরে দ্বিতীয়বার ফাইনালে উঠল ইন্টার মিলান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.