ট্রেন্ডিং

CFL 2025

কলকাতা লিগে একই গ্রুপে ইস্টবেঙ্গল–মোহনবাগান, মরশুমের শুরুতেই ডার্বি

গতবছরের লিগের নিস্পত্তি না হওয়া সত্ত্বেও নতুন মরশুমের গ্রুপ বিন্যাস করে ফেলল আইএফএ। এবার একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অর্থাৎ, মরশুমের শুরুতেই ডার্বি। আর এক প্রধান মহমেডান রয়েছে অন্য গ্রুপে।

কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের লটারিতে মেহতাব হোসেন ও রহিম নবি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৫
Share on:

২০২৪ সালের লিগ চ্যাম্পিয়ন এখনও ঘোষণা করা হয়নি। ডায়মন্ড হারবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতের নির্দেশে এখনও বিষয়টি ঝুলে আছে। গতবছরের লিগের নিস্পত্তি না হওয়া সত্ত্বেও নতুন মরশুমের গ্রুপ বিন্যাস করে ফেলল আইএফএ। এবার একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অর্থাৎ, মরশুমের শুরুতেই ডার্বি। আর এক প্রধান মহমেডান রয়েছে অন্য গ্রুপে। গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন একঝাঁক প্রাক্তন তারকা।

বুধবার কলকাতা লিগের গ্রুপ বিন্যাস হয়েছে। মোট ২৬টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপে ১৩টি করে দল রয়েছে। ‘‌এ’‌ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান। ‘‌বি’‌ গ্রুপে রয়েছে অন্য প্রধান মহমেডান। ২৫ জুন শুরু হবে প্রিমিয়ার ডিভিশন লিগ। পুজোর আগেই লিগ শেষ করার ভাবনা আইএফএ–র। লিগের শুরুতেই অবশ্য দুই প্রধান মুখোমুখি হচ্ছে না। সপ্তম রাউন্ডে মুখোমুখি হবে দুই প্রধান। তার আগে ডুরান্ড কাপেই হয়তো দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। গতবছর সুপার সিক্সে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। 


এবার গ্রুপ লিগেই মাঠে নামবে। এবার প্রিমিয়ার ডিভিশনে প্রতিটা দল ১২টি করে ম্যাচ খেলবে। দুটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম ছটি দল চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করবে। কলকাতা লিগে প্রথম ম্যাচে বাই পেয়েছে মোহনবাগান। সুতরাং কার্যত তাঁদের প্রথম খেলা পুলিশ এসি–র বিরুদ্ধে। ইস্টবেঙ্গল খেলবে মেসারার্স ক্লাবের বিরুদ্ধে। মহমেডানের প্রতিপক্ষ পিয়ারলেস। প্রথম রাউন্ডে ডায়মন্ড হারবার এফসি–র খেলা নেই।  

 গ্রুপ ‘‌এ’‌–তে রয়েছে:‌ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসারার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস, কালীঘাট এমএস, পাঠচক্র, আর্মি রেড এবং পুলিশ এসি। অন্যদিকে, গ্রুপ ‘‌বি’‌–তে রয়েছে:‌ মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি,  শ্রীভূমি এফসি, কলকাতা পুলিশ ক্লাব, উয়াড়ি, ইউনাইটেড স্পোর্টস, ভবানীপুর, রেনবো, এরিয়ান, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি এবং পিয়ারলেস। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora