ডুরান্ড কাপে মহমেডানের সান্তনা গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে জয়
গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে জয় দিয়েই মাঠ ছাড়ার পরিকল্পনা ছিল মহমেডানের। লক্ষ্যে সফল সাদা–কালো ব্রিগেড। গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভিকে হারাল ১–০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেন সুজিত সিং।
মহমেডানের একমাত্র গোলদাতা সুজিত সিং
তৌসিফ জামাল
শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৪
Share on:
ডুরান্ড কাপে নক আউটে যাওয়ার আশা কার্যত আগেই শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় গ্রুপ সেরা হয়ে যে কোয়ার্টার ফাইনালে যাবে, সে সম্ভাবনাও নেই। গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে জয় দিয়েই মাঠ ছাড়ার পরিকল্পনা ছিল মহমেডানের। লক্ষ্যে সফল সাদা–কালো ব্রিগেড। গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভিকে হারাল ১–০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেন সুজিত সিং।
ইন্টার কাশী, ইন্ডিয়ান নেভি ও মহমেডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে প্রথম ম্যাচে ইন্টার কাশীর সঙ্গে ১–১ ড্র করেছিল মহমেডান। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি–র বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও ৩–২ ব্যবধানে হার। নক আউটের আশা আগেই শেষ। কার্যত নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং ও ইন্ডিয়ান নেভি। ফলে দুই দলের ফুটবলারদের মধ্যে তেমন তাগিদ ছিল না।
এদিন দুই দলের ম্যাচে প্রথম ২০ মিনিটে সেভাবে গোলের সুযোগও তৈরি হয়নি। ২৫ মিনিটে এগিয়ে যায় মহমেডান। সুজিত সিংয়ের কর্নার মহমেডানের দীপু হালদার হেড করেন। ইন্ডিয়ান নেভির ডিফেন্সে প্রতিহত হয়ে আবার ফিরে আসে সুজিতের কাছে। তাঁর বাঁপায়ের সোয়ার্ভিং শট অনেকটা সুইং করে জালে জড়িয়ে যায়। সুজিতের এই বিশ্বমানের গোলেই এগিয়ে যায় মহমেডান। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মহমেডানের সামনে। লালথানকিমা কাজে লাগাতে পারেননি।
প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে দেখা যায় মহমেডানকে। বারবার আক্রমণ তুলে নিয়ে আসছিলেন সজল বাগ, এডিসন সিং, রবিনসন সিং, লালথানকিমারা। ৫১ মিনিটে রবিনসনের সামনে সুযোগ এসেছিল। কিন্তু তিনকাঠি ভেদ করতে তিনি ব্যর্থ হন। ৫৯ মিনিটে সুবিধাজনক জায়গায় ফ্রিকিক পেয়ে দেওয়ালে মারেন জোসেফ। মিনিট চারেক পর সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইন্ডিয়ান নেভির কাছে শ্রেয়সের ভলি বাইরে যায়। ৮৪ মিনিটে ইন্ডিয়ান নেভির জালে বল ঢুকিয়েছিলেন শিবা। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়। শেষ পর্যন্ত ১–০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে মহমেডান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.